সম্প্রতি মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় ইসরায়েল এবং সংযুক্ত আরব আমিরাতের মধ্যে শান্তিচুক্তি স্বাক্ষর হয়েছে।
ওই চুক্তিকে কেন্দ্র করে মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনা দেখা দিয়েছে।
এমন পরিস্থিতির উদ্ভব হয়েছিল ১৯৭৭ সালে।
সে বছরের ১৯ নভেম্বর ইসরায়েলে আনুষ্ঠানিক সফর করেন তৎকালীন মিসরের প্রেসিডেন্ট আনোয়ার সাদাত।
ওই সফরে তিনি ইসরায়েলের প্রধানমন্ত্রী মেনাচেম বেগিনের সঙ্গে সাক্ষাত করেন।
তিনি ইসরায়েলের সংসদে দাঁড়িয়ে আরব দেশগুলোর সঙ্গে ইসরায়েলি দ্বন্দ্বের ক্ষেত্রে কীভাবে শান্তি অর্জন করা যায় সে বিষয়ে তার বক্তব্য তুলে ধরেন।
তবে তার এই সফরে মর্মাহত হয়েছিলেন তৎকালীন ফিলিস্তিনি নেতা ইয়াসির আরাফাত।
এই ঘটনায় ক্ষোভ প্রকাশ করেন তিনি।
সে সময় এই ঘটনাকে বিশ্বাসঘাতকতা হিসেবে উল্লেখ করে অনেক স্বৈরশাসকই আনোয়ার সাদাতের সঙ্গে সম্পর্ক ছেদ করেছিলেন।
১৯৮১ সালে জিহাদীদের হাতে নিহত হন সাদাত হোসেন। মূলত ইসরায়েলের সঙ্গে শান্তি চুক্তিই তাদের ক্রোধের মূল কারণ ছিল।
ইসরায়েলের সঙ্গে আরব আমিরাতের বর্তমান শান্তিচুক্তি চার দশক আগের ঘটনা আবারও মনে করিয়ে দিচ্ছে।
কারণ এতে করে মধ্যপ্রাচ্যের রাজনীতিতে বড় পরিবর্তন ঘটছে।
উপসাগরীয় দেশগুলোর মধ্যে প্রথম দেশ হিসেবে ইসরায়েলের সঙ্গে আনুষ্ঠানিকভাবে সম্পর্ক স্থাপন করল আরব আমিরাত।
অনেকেই এই চুক্তিকে যুগান্তকারী আবার কেউ কেউ একে শান্তিচুক্তির ক্ষেত্রে টার্নিং পয়েন্ট বলে মনে করছেন।
এদিকে আঞ্চলিক শক্তি হিসেবে ইরানবিরোধী সম্পর্ক জোরদারের লক্ষ্যে আমিরাত ও ইসরায়েলের মধ্যে হওয়া এই চুক্তির সমালোচনা করেছেন ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানি। তিনি ইসরায়েলকে ‘এ অঞ্চলে পা রাখার সুযোগ’ করে দেওয়ার ব্যপারে আমিরাতসহ উপসাগরীয় দেশগুলোকে সতর্ক করেছেন।
রুহানি বলেন, ‘এ সিদ্ধান্তের ক্ষেত্রে তাদের (আমিরাত) আরও বিবেচনা করা প্রয়োজন ছিল। তারা বিরাট একটা ভুল করেছে, তারা একটা বিশ্বাসঘাতকতার কাজ করেছে। আমরা আশা করবো তারা এটা বুঝতে পারবে এবং এই ভুল পথ বর্জন নিজেদেরকে সরিয়ে নেবে।’