ছাঁটাই এড়াতে স্পিরিট এয়ারলাইন্স কর্তৃপক্ষের সঙ্গে চুক্তি করেছে সংস্থাটির ৬০০ বিমানচালক।
বিমান সংস্থাটির পাইলট ইউনিয়ন এ তথ্য জানিয়েছে। তারা বলছে, আগামী অক্টোবরে সরকারি ভর্তুকি শেষ হওয়ার পর যেন পাইলটদের চাকরি না যায়, সেজন্য এ চুক্তি করা হয়েছে। চুক্তিতে দু’পক্ষ একমত হয়েছে, পাইলটরা কিছু ঘণ্টা বিনামূল্যে কাজ করবে, যাতে কোম্পানি অর্থনৈতিক চাপে না পড়ে কিংবা কর্মী ছাটাই যাতে না করতে হয়। সিএনবিসির খবর।
কোম্পানি বলছে, সংস্থাটির ২৫০০ কর্মীকে ছাটাই করা হয়েছে, এ সংখ্যা মোট কর্মীর তুলনায় নগণ্য। চুক্তির জন্য পাইলটদের ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছে সংস্থাটি।
আমেরিকান এয়ারলাইনস অক্টোবরে ১৯ হাজার কর্মী ছাটাই করার কথা জানিয়েছে মঙ্গলবার। এর মধ্যে ১৬০০ পাইলট রয়েছে।
জেটব্লু এয়ারওয়েজও পাইলটদের বেতন কমিয়ে চুক্তি করেছে। সাউথওয়েস্ট এয়ারলাইনস এ বছরে আর কর্মীদের বিনা বেতনে ছুটিতে পাঠাবে না। কারণ ইতোমধ্যে তাদের অনেক কর্মী স্বেচ্ছায় ছুটিতে আছে। ডেলটা এয়ারলাইন্স কর্তৃপক্ষ ও তাদের পাইলট ইউনিয়নের মধ্যে বাদানুবাদ চলছে। পাইলটরা তাদের চাকরি টিকিয়ে রাখার বিষয়টি গুরুত্ব দিচ্ছে। সোমবার তারা জানিয়েছে, ১৯৪১ জন পাইলটকে চলতি মওসুমে বিনা বেতনে ছুটিতে পাঠানোর চিন্তা করা হচ্ছে। অথবা বিকল্প হিসেবে দু’পক্ষ চুক্তিতে আসার কথা ভাবছে।
সূত্র: সিএনবিসি