কাতারে শ্রম আইন সংস্কারে লাভবান হবে ৪ লাখ বাংলাদেশি

এভিয়েশন নিউজ ডেস্ক :

কাতারে বাংলাদেশি কর্মীদের জন‍্য সুখবর। ২০২২ সালে দেশটিতে বসতে যাচ্ছে ফিফা বিশ্বকাপের আসর। তার আগেই কাতারে শ্রম আইন সংস্কার করা হচ্ছে। ফলে দেশটিতে থাকা ৪ লাখের বেশি বাংলাদেশি কর্মী দারুণভাবে উপকৃত হবেন।

দেশটিতে শ্রম আইন সংস্কারের ফলে কর্মীদের আয় বাড়বে। কর্মীদের বেতন বাড়ানো হবে ২৫ শতাংশ। থাকা-খাওয়া বাবদ কর্মীদের নূন‍্যতম বেতন হবে ১০০০ রিয়াল, যা বাংলাদেশি মুদ্রায় ২৩ হাজার ২৩১ টাকা।

পাশাপাশি দেশটিতে তীব্র সমালোচিত ‘কাফালা’ পদ্ধতির অবলুপ্তি ঘটানো হচ্ছে। কাফালা পদ্ধতিতে চাকরি ছাড়তে গেলে নিয়োগকারী সংস্থার অনুমতি লাগত কর্মীদের। এই পদ্ধতি তুলে নেওয়ায় সহজেই অন‍্যত্র চাকরি বদল করতে পারবেন কর্মীরা।

মধ্যপ্রাচ্যের দেশগুলো ভিনদেশের কর্মী ও শ্রমিকদের ওপর নির্ভরশীল। লাখো শ্রমিক বা কর্মী বেশি অর্থ আয়ের জন্য কাতারে যান। সেখানে বাংলাদেশের চার লাখের বেশি কর্মী কাজ করেন। তাই বেতন ও সুযোগ–সুবিধা বৃদ্ধি পেলে প্রত্যেকেই উপকৃত হবেন, তা তো বলাই যায়। একই সঙ্গে এক চাকরি ছেড়ে অন্য চাকরি করতে চাইলে আগের মতো আর কঠোর নিয়ম পালনের প্রয়োজন হবে না।

কাতার হচ্ছে বাংলাদেশের দ্বিতীয় শীর্ষ শ্রমবাজার (প্রথম ভারত)। সেখানে দিন দিন বাংলাদেশি কর্মীর চাহিদা বাড়ছে। ২০২২ বিশ্বকাপের জন্য স্টেডিয়াম তৈরির কাজে যুক্ত শ্রমিক ও কর্মীদের চাহিদা বাড়ার সুযোগসহ নানা সুযোগ বাংলাদেশিরা নিতে পারবেন। ২০ লাখের বেশি অভিবাসী কর্মী সেখানে কাজ করছেন। এখন সুযোগটা কাজে লাগানো যাবে কি না, প্রশ্ন সেটাই।

সম্প্রতি শ্রমিক ও কর্মীদের ওপর অত্যাচার ও জোর করে কাজ করানো নিয়ে তীব্র সমালোচনার মুখে পড়েছিল কাতার। ২০২২ বিশ্বকাপের জন্য স্টেডিয়াম তৈরির কাজে যুক্ত শ্রমিকদের নানা হুমকি দিয়ে কাজ করানোর অভিযোগ তুলেছিল আন্তর্জাতিক স্বেচ্ছাসেবী সংস্থাগুলো। এরপরই শ্রম আইনে বদলের সিদ্ধান্ত নিল কাতার।

উল্লেখ‍্য, দেশটিতে বিদেশি কর্মীদের উপর নির্ভরতা অনেকটা বেশি। কাতারে ৪ লাখ ১৬ হাজারেরও বেশি বাংলাদেশি অভিবাসী রয়েছেন।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.