৩০ সেপ্টেম্বর পর্যন্ত সৌদি এয়ারলাইন্সের ঢাকা থেকে ৬ বিশেষ ফ্লাইট

করোনা মহামারিতে আটকে পড়া প্রবাসী বাংলাদেশিদের উপসাগরীয় দেশগুলোতে ফিরিয়ে নিতে সৌদি এয়ারলাইন্স আগামী ৩০ সেপ্টেম্বরের মধ্যে ঢাকা থেকে ৬ টি বিশেষ ফ্লাইট পরিচালনা করবে।
এছাড়াও আগামী ১ অক্টোবর থেকে আরও বেশি নিয়মিত ফ্লাইটের জন্য বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) এর কাছ থেকে অনুমতিও চেয়েছে।

সৌদি এয়ারলাইন্সের এক শীর্ষ কর্মকর্তা জানান, বেশি সংখ্যক বাংলাদেশি প্রবাসীদের সৌদিতে তাদের কর্মস্থলে পৌঁছে দিতে আগামী ছয় দিন (৩০ সেপ্টেম্বর পর্যন্ত) ঢাকা থেকে আমরা ছয়টি ফ্লাইট পরিচালনা করব।
তিনি বলেন, এ ছয়টি বিশেষ ফ্লাইট ছাড়াও এয়ারলাইনস তাদের সাপ্তাহিক দুটি নিয়মিত ফ্লাইট ৩০ সেপ্টেম্বর পর্যন্ত চালিয়ে যাবে।

১ অক্টোবর থেকে সৌদি এয়ারলাইন্স ঢাকা থেকে কয়টি ফ্লাইট পরিচালনা করবে জানতে চাইলে ওই কর্মকর্তা বলেন, বেবিচক থেকে অনুমতি পাওয়ার পর এ বিষয়ে তারা গণমাধ্যমকে জানাতে পারবেন।
বেবিচক চেয়ারপার্সন এয়ার ভাইস মার্শাল এম মফিদুর রহমান বলেন, সৌদি এয়ারলাইনসের যে কয়টা ফ্লাইট পরিচালনার প্রয়োজন, তার অনুমতি দেওয়া হবে।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.