রাজধানীর কারওয়ান বাজারে অবস্থিত সৌদি এয়ারলাইনসের কাউন্টারে আজ শনিবারও টিকিটপ্রত্যাশী সৌদিপ্রবাসীদের প্রচণ্ড ভিড় ছিল।
এই কাউন্টার থেকে ৮৫১ থেকে ১২০০ নম্বর টোকেনধারী ব্যক্তিদের সৌদি আরবে ফেরার টিকিট দেওয়া হয়।
কিন্তু টোকেনের দাবিতে বেলা ১১টার দিকে সৌদিপ্রবাসীরা বিক্ষোভ করেন।
যাঁরা টোকেন পাননি, তাঁদের ২৯ সেপ্টেম্বরের পরিবর্তে আগামী ৪ অক্টোবর টোকেন নিতে আসতে বলা হয়েছে।
এই সময় পর্যন্ত সৌদি আরব যাওয়ার কোনো টিকিট বিক্রি করা হবে না।
পুলিশের তেজগাঁও বিভাগের অতিরিক্ত উপকমিশনার (এডিসি) রুবায়েত জামান এ কথা জানান।
তিনি বলেন, রোববার পর্যন্ত ১৫০০ নম্বরধারীকে টিকিট দেওয়া হবে।
এ ছাড়া ২৪০০ নম্বর পর্যন্ত টোকেন দেওয়া হয়েছে।
এর পরের নম্বর থেকে টোকেন ৪ অক্টোবর থেকে দেওয়া হবে।