এভিয়েশন নিউজ: নতুন ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) নিয়োগ দিতে যাচ্ছে রাষ্ট্রায়ত্ত উড়োজাহাজ পরিবহন সংস্থা বিমান বাংলাদেশ এয়ারলাইনস। এজন্য এরই মধ্যে আন্তর্জাতিক নিয়োগ বিজ্ঞপ্তিও প্রকাশ করা হয়েছে। বিজ্ঞপ্তিতে যোগ্যতাসম্পন্ন দেশী-বিদেশী যে কেউ আবেদন করতে পারবেন।
ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তার চাহিদা জানিয়ে ৯ এপ্রিল আন্তর্জাতিক বিজ্ঞপ্তি প্রকাশ করে বিমান। প্রাথমিক যোগ্যতা হিসেবে প্রার্থীর বয়স হতে হবে ৪৫ থেকে ৬০ বছর। আগ্রহী প্রার্থীর এভিয়েশন পেশায় অন্তত ২০ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। এর মধ্যে জ্যেষ্ঠ ব্যবস্থাপনা পদে অভিজ্ঞতা থাকতে হবে অন্তত ১০ বছর। এয়ারলাইনস ব্যবসায় বিপণন, কোড শেয়ার, নতুন অনলাইন প্রযুক্তিতে পারদর্শিতা, এভিয়েশন ও শ্রম আইন সম্পর্কে জ্ঞান থাকার পাশাপাশি আরো কিছু শর্তও জুড়ে দেয়া হয়েছে বিজ্ঞপ্তিতে। আগ্রহী প্রার্থীদের আগামী ১৬ মের মধ্যে আবেদন জমা দিতে হবে।
সদ্য পদত্যাগকারী বিমানের এমডি কেভিন জন স্টিল বলেন, ‘স্বাস্থ্যগত কারণে আমি বিমান থেকে পদত্যাগ করেছি। চার-পাঁচ মাস আগে বাংলাদেশে আমার যক্ষ্মা ধরা পড়ে। এছাড়া আমি একটি মাইল্ড স্ট্রোকেও আক্রান্ত হই। এ অবস্থায় আমার পক্ষে আগের মতো সপ্তাহে ৭০-৮০ ঘণ্টা কাজ করা সম্ভব নয়। সব দিক বিবেচনা করে গত বছরের ডিসেম্বরে আমি বিমান থেকে পদত্যাগ করেছি। ১৭ এপ্রিল আমার পদত্যাগপত্র কার্যকর হবে। ওই দিন আমি এভিয়েশন পেশা থেকেও অবসর নিচ্ছি।’
তিনি আরো বলেন, ‘গত এক বছরে বিমানের মানোন্নয়নে আমি আন্তরিকভাবে চেষ্টা করেছি। আশা করব, আমি না থাকলেও যেন বিমান লোকসান কমিয়ে এনে দ্রুত একটি লাভজনক প্রতিষ্ঠানে পরিণত হয়।’
প্রসঙ্গত, ৬৪ বছর বয়সী ব্রিটিশ এয়ারওয়েজের সাবেক এ কর্মকর্তা দুই বছরের চুক্তিতে গত বছরের মার্চে বিমানের এমডি হিসেবে যোগ দেন। যোগ দিয়েই লোকসান কমিয়ে দুই বছরের মধ্যে বিমানকে লাভজনক করতে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেন তিনি। ফ্লাইটের প্রায় ৭০ শতাংশ সময়ানুবর্তিতা রক্ষাসহ তার নানা পদক্ষেপ এরই মধ্যে বিভিন্ন মহলে প্রশংসিতও হয়েছে।
বিমান বাংলাদেশ এয়ারলাইনস ২০১২-১৩ অর্থবছরে ২১৪ কোটি টাকা লোকসান দেয়। এর আগে ২০১১-১২ অর্থবছরে ৬০০ কোটি ও ২০১০-১১ অর্থবছরে লোকসান হয়েছিল ১৯৯ কোটি টাকা। বর্তমানে বিমানবহরে সচল রয়েছে চারটি নিজস্ব বোয়িং ৭৭৭-৩০০ ইআর, দুটি বোয়িং ৭৩৭ ও একটি এয়ারবাস ৩১০। বর্তমানে ২০টি আন্তর্জাতিক গন্তব্যে বিমানের ফ্লাইট থাকলেও উড়োজাহাজ সংকটের কারণে দীর্ঘদিন ধরে বন্ধ রয়েছে সব কটি অভ্যন্তরীণ রুটের ফ্লাইট।
