ভারতে তিনমাসের মধ্যে একদিনে ফের সর্বনিম্ন করোনাক্রান্ত রোগী শনাক্ত হয়েছে।
এখন পর্যন্ত দেশটিতে প্রায় সাড়ে ৭৯ লাখ মানুষ ভাইরাসটির শিকার হয়েছেন।
প্রাণহানি ঘটেছে আরও ৪৮৮ জনের। তবে, সুস্থতা বাড়ায় কমছে সক্রিয় রোগীর সংখ্যা।
ভারতের কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে আনন্দবাজারের প্রতিবেদনে জানানো হয়েছে, গত ২৪ ঘণ্টায় ৩৬ হাজার ৪৭০ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে।
এতে করে সংক্রমিতের সংখ্যা বেড়ে ৭৯ লাখ ৪৬ হাজার ৪২৯ জনে দাঁড়িয়েছে।
অন্যদিকে, গত একদিনে প্রাণহানি ঘটেছে ৪৮৮ জনের। এ নিয়ে এখন পর্যন্ত ১ লাখ ১৯ হাজার ৫০২ জনের মৃত্যু হলো করোনায়।
দেশটিতে এখন পর্যন্ত ১০ কোটি ৪৪ লাখ ২০ হাজারের বেশি নমুনা পরীক্ষা করা হয়েছে।
এর মধ্যে গত ২৪ ঘণ্টায় ৯ লাখ ৫৮ হাজারের বেশি।