আগামী দেড় দশকে দেশের অর্থনীতিকে বর্তমানের চেয়ে দ্বিগুণ উচ্চতায় দেখতে চান চীনের প্রেসিডেন্ট শি জিনপিং।
এ লক্ষ্য বাস্তবায়ন করতে হলে চীনকে আগামী ১৫ বছর গড়ে ৫ শতাংশের কাছাকাছি হারে বার্ষিক প্রবৃদ্ধি অর্জন করতে হবে বলে অর্থনীতিবিদরা মনে করছেন।
গত সপ্তাহে চীনের ক্ষমতাসীন কমিউনিস্ট পার্টির সেন্ট্রাল কমিটির সঙ্গে রুদ্ধদ্বার বৈঠক করেন প্রেসিডেন্ট শি জিনপিং।
এ বৈঠকে কমিটির সদস্যরা সরকারের পরবর্তী পঞ্চবার্ষিকী ও ১৫ বছর মেয়াদি পরিকল্পনার খসড়া তৈরি করেছেন।
এ সময় জিনপিং আগামী ১৫ বছরে দেশের অর্থনীতিকে কোন অবস্থানে দেখতে চান, সে পরিকল্পনা তুলে ধরেন।
প্রেসিডেন্টের লক্ষ্য ২০৩৫ সাল নাগাদ চীনের মোট দেশজ উৎপাদনের (জিডিপি) পরিমাণ বর্তমানের দ্বিগুণ করা এবং মাথাপিছু জিডিপি ‘মধ্যম সারির উন্নত’ দেশের কাতারে নিয়ে যাওয়া।
২০১৫ সালে চীন যখন সর্বশেষ পঞ্চবার্ষিকী পরিকল্পনা প্রণয়ন করেছিল, তখন সেন্ট্রাল কমিটিতে দেয়া শি জিনপিংয়ের বক্তব্যে গড় প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা উঠে এসেছিল।
সে সময় পরবর্তী পাঁচ বছর মেয়াদে গড়ে অন্তত ৬ দশমিক ৫ শতাংশ জিডিপি প্রবৃদ্ধি অর্জনের আকাঙ্ক্ষার কথা জানিয়েছিলেন জিনপিং।