যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে আলাস্কা অঙ্গরাজ্যে জয় পেয়েছেন বর্তমান প্রেসিডেন্ট ট্রাম্প।
নির্বাচন অনুষ্ঠিত হওয়ার এক সপ্তাহ পর আলাস্কায় ফলাফল ঘোষণা করা হলো।
আলাস্কায় ইলেকটোরাল কলেজ ভোটের সংখ্যা তিনটি।
ভোট গণনা শেষে ট্রাম্প পেয়েছেন এক লাখ ৪৮ হাজার ৬২৪ ভোট (৫৬.৯%) অপরদিকে ডেমোক্র্যাট প্রার্থী জো বাইডেন পেয়েছেন এক লাখ দুই হাজার ৮০ ভোট (৩৯.১%)। খবর এপি’র।
এ রাজ্যে বিজয়ের মধ্য দিয়ে ট্রাম্পের ইলেকটোরাল কলেজ ভোটের সংখ্যা দাঁড়াল ২১৭টি।
যদিও প্রেসিডেন্ট হিসেবে আগেই জয় নিশ্চিত করেছেন জো বাইডেন।
গত ৩ নভেম্বর মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হওয়ার চার দিন পর গত শনিবার পর্যন্ত জো বাইডেন ২৯০টি ইলেকটোরাল কলেজ ভোট নিশ্চিত করতে সক্ষম হন।
আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচিত হতে হলে ৫৩৮টির মধ্যে ২৭০টি ইলেকটোরাল ভোট পেতে হয়।