করোনা মোকাবিলায় গোটা বিশ্বে যেভাবে জরুরি পদক্ষেপ নেয়া হয়েছে জলবায়ু পরিবর্তনের ক্ষেত্রেও একই ধরনের পদক্ষেপ নেয়া প্রয়োজন বলে মনে করছে আন্তর্জাতিক সংস্থা ইন্টারন্যাশনাল ফেডারেশন অব রেড ক্রস অ্যান্ড রেড ক্রিসেন্ট সোসাইটিজ (আইএফআরসি)।
সংস্থাটি বলেছে, বিশ্বব্যাপী উষ্ণায়ন করোনার চেয়ে মারাত্মক হুমকির কারণ হয়ে দাঁড়িয়েছে।
আল জাজিরার এক প্রতিবেদনে বিষয়টি তুলে ধরা হয়েছে।
বর্তমান মহামারির সময়েও বিশ্বে জলবায়ু পরিবর্তনের কারণে ধ্বংসযজ্ঞ থামছে না বলেও উল্লেখ করা হয়েছে রেড ক্রসের ওই প্রতিবেদনে।
১৯৬০-এর দশক থেকে বৈশ্বিক বিপর্যয় নিয়ে করা এক প্রতিবেদনে জেনেভাভিত্তিক সংগঠনটি উল্লেখ করেছে, বিশ্ব স্বাস্থ্য সংস্থা মার্চে করোনাভাইরাসকে মহামারি ঘোষণার পর থেকে বিশ্বে শতাধিক প্রাকৃতিক দুর্যোগের ঘটনা ঘটেছে, যার বেশিরভাগ জলবায়ু পরিবর্তন সম্পর্কিত।
এতে ৫০ কোটিরও বেশি মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।