আবারও আলোচনায় প্রিন্সেস ডায়ানা।
২৫ বছর আগে তার দেয়া এক সাক্ষাৎকার নিয়ে তোপের মুখে বিবিসি।
ডায়ানাকে সাক্ষাৎকারটি দিতে বাধ্য করা হয়েছিল এমন অভিযোগ ওঠার পরপরই শুরু হয়েছে তদন্ত। এ উদ্যোগকে স্বাগত জানিয়েছেন ডায়ানার ছেলে প্রিন্স উইলিয়াম।
১৯৯৫ সালে বিবিসিতে সাক্ষাৎকার দিয়ে বিশ্বজুড়ে আলোচনায় আসেন প্রিন্সেস ডায়ানা।
এ সাক্ষাতকারেই উঠে আসে প্রিন্স চার্লসের সঙ্গে তার দাম্পত্য টানাপোড়নের অজানা কাহিনী।
এক বছর পরই বিচ্ছেদের পথে হাঁটেন ডায়ানা, ব্রিটিশ রাজপরিবারের সঙ্গে ছিন্ন করেন সম্পর্ক।
২৫ বছর পর আবার ঝড় তুলেছে সেই সাক্ষাৎকার।
অভিযোগ উঠেছে কিছু জাল নথি দেখিয়ে ওই সাক্ষাৎকার দিতে রাজি করিয়েছিলেন বিবিসির সাংবাদিক মার্টিন বশির।
খোদ ডায়ানার ভাই আর্ল স্পেন্সার দাবি করেন, ডায়ানাকে বলা হয়েছিল তার পেছনে গুপ্তচর লাগানো হয়েছে এবং রাজবাড়ির দুই উচ্চপদস্থ কর্মকর্তা তার তথ্য টাকার বিনিময়ে বিক্রি করতেন।
বিষয়টি নিয়ে নড়েচড়ে বসেছে বিবিসি কর্তৃপক্ষ।
এরই মধ্যে বিবিসি ওই সাক্ষাৎকার কিভাবে পেয়েছিলো তার আনুষ্ঠানিক তদন্ত শুরু হয়েছে।
স্বাধীন তদন্তের জন্য সুপ্রিম কোর্টের সাবেক বিচারপতি লর্ড ডাইসনকে দায়িত্ব দেয়া হয়েছে।