করোনাভাইরাসের সনদ ছাড়াই বিদেশ থেকে ৭০ যাত্রী নিয়ে এসেছে বিমান বাংলাদেশ এয়ারলাইনস। বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) নির্দেশনা মেনে করোনার আরটি-পিসিআর প্রতিবেদন দেখাতে না পারায় তাঁদের সবাইকে রাজধানীর হজ ক্যাম্প ও দিয়াবাড়ীতে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে পাঠানো হয়েছে।
করোনাভাইরাসের সনদ ছাড়া এসব যাত্রীকে উড়োজাহাজে ওঠানোয় বিমানবন্দর কর্তৃপক্ষ বেবিচকের কাছে বাংলাদেশ বিমানের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য সুপারিশ করবে বলে জানা গেছে।
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের হেলথ ডেস্ক সূত্রে এসব তথ্য জানা গেছে।
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের স্বাস্থ্য কর্মকর্তা ডা. আকরাম বলেন, গতকাল শনিবার সকাল ৮টা থেকে রাত ৮টা পর্যন্ত মোট ৭১ জনকে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে পাঠানো হয়েছে।
তিনি জানান, তাঁদের মধ্যে ৭০ জনই বিমান বাংলাদেশ এয়ারলাইনসে এসেছেন।
রিয়াদ থেকে আসা বিমানের বিজি-৪০৪০ ফ্লাইটে ৬৮ জন যাত্রী এসেছেন যথাযথ করোনা সনদ ছাড়া।
দোহা থেকে আসা বিমানের ফ্লাইটে দুজনকে পাওয়া যায়, যাঁদের যথাযথ করোনা সনদ ছিল না।
এ ছাড়া ওমান থেকে আসা সালাম এয়ারের একটি ফ্লাইটে একজনের করোনা সনদ ছিল না।
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের পরিচালক গ্রুপ ক্যাপ্টেন এ এইচ এম তৌহিদ উল আহসান বলেন, ‘বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের সার্কুলার যথাযথভাবে অনুসরণ না করায় আমরা রবিবার তাদের বিরুদ্ধে বেবিচকের কাছে ব্যবস্থা নেওয়ার সুপারিশ করব।’