আমিরাতের কাছে যুক্তরাষ্ট্রের ইতিহাসে দ্বিতীয় বৃহত্তম অস্ত্র বিক্রির চালান আটকানোর প্রস্তাবে ভেটো দেয়ার হুমকি দিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
এর পরপরই সেই প্রস্তাবগুলোর বিরুদ্ধে ভোট দিয়েছেন বেশিরভাগ সিনেটর।
ফলে রিপাবলিকান সংখ্যাগরিষ্ঠ মার্কিন সিনেটে মুখ থুবড়েই পড়ল অস্ত্র বিক্রি আটকানোর সেই প্রচেষ্টা।
সিনেটে রিপাবলিকানদের নেতা মিচ ম্যাককনেল বলেছেন, প্রেসিডেন্টের ভেটোর বিরুদ্ধে গিয়ে অস্ত্র বিক্রি আটকাতে প্রয়োজনীয় দুই-তৃতীয়াংশের চেয়ে অনেক কম ভোট পড়েছে প্রস্তাবনার পক্ষে।
যুক্তরাষ্ট্রের নিয়ম অনুসারে, সিনেটের বৈদেশিক সম্পর্ক বিষয়ক কমিটি এবং প্রতিনিধি পরিষদের (হাউস অব রিপ্রেজেন্টেটিভস) বিদেশ বিষয়ক কমিটির হাতে অস্ত্র বিক্রির প্রস্তাবনা বাতিল করার ক্ষমতা রয়েছে।
তবে প্রেসিডেন্ট ভেটো দিলে তার বিরুদ্ধে সিদ্ধান্ত দিতে অন্তত দুই-তৃতীয়াংশ ভোট পেতে হবে সিনেট ও প্রতিনিধি পরিষদে।