বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপে সতীর্থের সাথে খারাপ আচরণ করায় শাস্তি পেতে হলো অধিনায়ক মুশফিকুর রহিমকে।
তার ম্যাচ ফির ২৫ শতাংশ কাটা হলো।
সোমবার দুই দুইবার এ ধরণের ন্যক্কারজনক ঘটনা ঘটিয়েছেন বেক্সিমকো ঢাকার অধিনায়ক মুশফিক।
প্রথমবার ১৩ নম্বর ওভারে। বোলার নাসুম আহমেদের বল মিড অনে ঠেলে দেন আফিফ।
ফিল্ডিং করতে দৌড়ে আসেন বোলার নাসুম, অন্যদিকে মুশফিকও এগিয়ে আসেন।
বল কুড়িয়ে নিয়েই বাঁহাতি এই স্পিনারকে বল ছুড়তে তেড়ে যান মুশফিক।
পরের ঘটনা ১৭ নম্বর ওভারের। শফিকুলের করা ইনিংসের ১৭তম ওভারে আফিফ ক্যাচ দেন শর্ট ফাইন লেগে।
ফিল্ডার নাসুম এগিয়ে আসেন ক্যাচ ধরতে। তার আগেই দৌড়ে এসে মুশফিক ক্যাচ নেন। তারপর ঘুরেই নাসুমকে আবারও সজোরে বল ছুড়তে যান ঢাকার অধিনায়ক।
তৎক্ষণাৎ মুশফিকের আচরণে ভড়কে যান নাসুম, বিব্রত হয়ে পড়েন।