মানবাধিকার নিয়ে সচেতন ইউরোপ বা আমেরিকার বিভিন্ন দেশ অন্য দেশে নিরাপত্তাহীন হয়ে পড়া বিশিষ্ট ব্যক্তিদের অনেক সময় রাজনৈতিক আশ্রয় দিয়ে থাকে।
রাজনৈতিক আশ্রয়ের জন্য তাদের সুনির্দিষ্ট আইন রয়েছে।
আইন মেনে আবেদন করে অনেক বাংলাদেশিও বিভিন্ন দেশে রাজনৈতিক আশ্রয় নিয়েছেন।
তবে বর্তমান বাস্তবতায় রাজনৈতিক আশ্রয়ের পাশাপাশি নতুন ধরনের ‘আশ্রয়’ নিয়ে ভাবা প্রয়োজন। এমনটি মনে করছেন ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক ভিরাট কোহলির ভক্তরা। ঢাকায় তার একদল ভক্ত ইতিমধ্যে সরকারের কাছে এমন আবেদনের প্রস্তুতি নিচ্ছেন।
ভক্তরা আবেদনের একটি খসড়াও প্রস্তুত করেছেন।
‘বন্ধু রাষ্ট্রের অসহায় ক্যাপ্টেন ভিরাট কোহলিকে ঢাকায় আশ্রয় দেয়ার অনুরোধ’ শীর্ষক ওই আবেদনে বলা হয়েছে, ভারতীয় ক্রিকেট দলের ক্যাপ্টেন সম্প্রতি তার তুমুল জনপ্রিয়তা হারিয়ে যেন ধপাস করে মাটিতে পড়েছেন।
এই ব্যর্থতার ফলে তার স্ত্রী আনুশকাও তার সঙ্গে কথা বলা বন্ধ করে দিয়েছেন।
এমন পরিস্থিতিতে কোহলি ঘরে থাকতে পারছেন না। আবার বাইরেও যেতে পারছেন না।
ঘরের বাইরে বের হলেই তার ওপর পচা ডিম নিক্ষেপ করা হবে। এজন্য পচা ডিম ভর্তি ট্রাক নিয়ে তার বাড়ির সামনে অপেক্ষা করছেন একদল ‘আনুশকা হেটার্স’।