আমেরিকার সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটার দেশটির বিদায়ী প্রেসিডেন্ট ট্রাম্পের একাউন্ট স্থায়ীভাবে বন্ধ করে দিয়েছে।
এটি শুক্রবার বলেছে, ‘আরো বেশি সহিংসতায় উসকানি দেয়ার আশঙ্কা’ থেকে এ ব্যবস্থা নেয়া হয়েছে।
ট্রাম্পের টুইটার একাউন্টের ফলোয়ার সংখ্যা ছিল আট কোটি ৮০ লাখ।
বুধবার ওয়াশিংটন ডিসির ক্যাপিটল ভবনে ট্রাম্প সমর্থক উগ্র শ্বেতাঙ্গ দাঙ্গাবাজদের নজিরবিহীন হামলার পর ট্রাম্পের টুইটার একাউন্ট ১২ ঘণ্টার জন্য বন্ধ করে দেয়া হয়েছিল।
টুইটার প্ল্যাটফর্ম ব্যবহার করে ওই দাঙ্গাবাজদের উদ্দেশে ট্রাম্পের উসকানিমূলক বক্তব্যের পর তারা ক্যাপিটল ভবনে হামলা চালায় এবং এর ফলে এক নারী ও এক পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত হন।
টুইটার কোম্পানি এক টুইটে বলেছে, ট্রাম্পের একাউন্ট (@realDonaldTrump) থেকে দেয়া সাম্প্রতিক পোস্টগুলো গভীরভাবে পর্যবেক্ষণ করার পর একাউন্টটি চিরতরে বন্ধ করে দেয়া হয়েছে। আবারো দাঙ্গায় উসকানি দেয়ার আশঙ্কায় এ ব্যবস্থা নেয়া হয়েছে বলে ওই টুইটে উল্লেখ করা হয়েছে।