নিয়ম কানুনের তোয়াক্কা না করা সাবেক মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প একটি রীতি ঠিকই মেনেছেন।
হোয়াইট হাউজ ছাড়ার আগে সদ্য দায়িত্ব পাওয়া প্রেসিডেন্ট জো বাইডেনের জন্য একটা চিঠি রেখে গেছেন তিনি।
তবে এই ‘গোপন’ চিঠিতে কী আছে তা এখনো জানা যায়নি।
দায়িত্ব পাওয়ার পর ওভাল অফিসে পৌঁছে নতুন চুক্তি ও সিদ্ধান্তে স্বাক্ষরের সময় এই চিঠি পান প্রেসিডেন্ট বাইডেন।
বার্তা সংস্থা রয়টার্সের বরাতে জানা যায়, বুধবার ডোনাল্ড ট্রাম্প একটি উদার মনোভাবসম্পন্ন চিঠি প্রেসিডেন্ট বাইডেনের জন্য রেখে গেছেন।
হোয়াইট হাউজে উপস্থিত সাংবাদিকদের তিনি বলেন, আমি তার (ট্রাম্প) সাথে কথা না বলে এটা নিয়ে আলোচনা করব না, তবে চিঠিটি উদার প্রকৃতির।’
যখন কোন নবনিযুক্ত প্রেসিডেন্ট ওভাল অফিসে প্রথমবারের মত প্রবেশ করেন তিনি পূর্বের প্রেসিডেন্টের চিঠি হাতে পান।
জর্জ এইচ ডব্লিউ বুশের জন্য রোনাল্ড রেগানের চিঠির পর থেকেই উত্তরসূরীর জন্য চিঠি রেখে যাওয়ার রেওয়াজ শুরু হয়।
এই ঐতিহাসিক চিঠিগুলো সাধারণত রাখা হয় ওভাল অফিসের রেজুলুট ডেস্কে।
এর আগে বারাক ওবামাও ডোনাল্ড ট্রাম্পের জন্য চিঠি রেখে গিয়েছিলেন।
তারও আগে বিল ক্লিনটন জর্জ বুশের জন্য এবং জর্জ বুশ ওবামার জন্য চিঠি রেখে যান।
এসব চিঠিতে প্রকাশ পেয়েছে বিদায়ী প্রেসিডেন্টদের রেখে যাওয়া নানা দিক-নির্দেশনা এমনকি কৌতুকবোধও।