৩০ জানুয়ারি রাতে গতি কমবে ইন্টারনেটের

আগামী ৩০ জানুয়ারি রাতে সাবমেরিন কেবল লাইন রক্ষণাবেক্ষণের কারণে বাংলাদেশে ইন্টারনেটের গতি কমতে পারে।

রোববার বাংলাদেশ সাবমেরিন কেবল কোম্পানি লিমিটেড (বিএসসিসিএল)এর পক্ষ থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দ্বিতীয় সাবমেরিন কেবল (এসইএ-এমই-ডব্লিউই-৫) কনসোর্টিয়ামের সময়সূচি অনুযায়ী আগামী ৩০ জানুয়ারি রাত ২টা থেকে ভোর ৬টা পর্যন্ত ৪ ঘণ্টা কেবল মেরামতের পরিকল্পনা রয়েছে। ওই সময়ে এসইএ-এমই-ডব্লিউই-৫ কুয়াকাটা ল্যান্ডিং স্টেশনে টার্মিনেটেড সব সার্কিট বন্ধ থাকবে।

বিএসসিসিএল জানায়, ওই সময় দেশের প্রথম সাবমেরিন কেবল এবং আইটিসি অপারেটরদের সার্কিটগুলো চালু থাকবে, দ্বিতীয় সাবমেরিন কেবলে রক্ষণাবেক্ষণ কাজ চলাকালীন গ্রাহকরা সাময়িক ভাবে ইন্টারনেটের ধীরগতির সম্মুখীন হতে পারেন।

বাংলাদেশে সাবমেরিন কেবল ছাড়াও এখন ছয়টি বিকল্প মাধ্যমে (আইটিসি বা ইন্টারন্যাশনাল টেরিস্ট্রিয়াল কেবল) ওয়ার্ল্ড ওয়াইড ওয়েবের সঙ্গে যুক্ত।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.