জাতীয় সংসদে বিল পাসের প্রস্তাব তুলে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের অব্যবস্থাপনা নিয়ে সমালোচনার মুখে পড়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মো. মাহবুব আলী।
বিরোধী দলের একাধিক সাংসদ অভিযোগ করেন, বিমানে টিকিট পাওয়া যায় না।
কিন্তু আসন খালি থাকে। বিমানবন্দরে মশার অত্যাচারে বসা যায় না। ভিআইপি লাউঞ্জের অবস্থা ভয়াবহ।
আজ সোমবার জাতীয় সংসদে ‘বাংলাদেশ ট্রাভেল এজেন্সি (নিবন্ধন ও নিয়ন্ত্রণ) (সংশোধন) বিল-২০২০’ তোলেন বিমান প্রতিমন্ত্রী মাহবুব আলী।
বিলের ওপর আলোচনায় অংশ নিয়ে সাংসদেরা এসব অভিযোগ করেন।
অবশ্য সাংসদদের বক্তব্যের জবাবে মাহবুব আলী বলেছেন, আগে টিকিট নিয়ে সমস্যা ছিল।
এখন তা আর নেই।
অনেক ব্যবস্থা নেওয়া হয়েছে।
দায়ী ব্যক্তিদের সবাইকে শাস্তির আওতায় আনা হয়েছে। এখন বিমানের আসন ফাঁকা যায় না।