আফগানিস্তান ছাড়তে হবে, তা না হলে মৃত্যুর জন্য প্রস্তুত থাকতে হবেঃ তালেবান

মার্কিন সেনাদের আফগানিস্তান ছাড়তে হবে, তা না হলে তাদের মৃত্যুর জন্য প্রস্তুত থাকতে হবে বলে জানিয়েছে তালেবান বিদ্রোহী গোষ্ঠী। এ ছাড়া তালেবান দোহা চুক্তি মেনে চলছে না বলে আমেরিকা যে অভিযোগ তুলেছে, তাও নাকচ করে দিয়েছে সশস্ত্র এ গেরিলা গোষ্ঠী।

তালেবানের মুখপাত্র জবিউল্লাহ মুজাহিদ শুক্রবার (২৯ জানুয়ারি) এক টুইটার পোস্টে এসব কথা বলেন। মার্কিন সেনা সদর দফতর পেন্টাগনের মুখপাত্র জন কিরবির এক বক্তব্যের জবাবে জবিউল্লাহ মুজাহিদ টুইটারে এ পোস্ট দিয়েছেন।

জন কিরবি বলেছেন, তালেবান দোহা চুক্তির প্রতি সম্মান দেখাচ্ছে না এবং তারা যতক্ষণ পর্যন্ত চুক্তির প্রতি প্রতিশ্রুতিবদ্ধ না হবে ততক্ষণ পর্যন্ত আফগানিস্তান থেকে সেনা প্রত্যাহার করা হবে না।

গত বছরের ফেব্রুয়ারি মাসে কাতারের রাজধানী দোহায় তালেবান ও আমেরিকার মধ্যে একটি চুক্তি হয় যাতে আফগানিস্তান থেকে সেনা প্রত্যাহারের প্রতিশ্রুতি দেয় আমেরিকা। অন্যদিকে, তালেবান মার্কিন সেনাদের ওপর হামলা বন্ধ করার প্রতিশ্রুতি দিয়েছিল।

এ প্রসঙ্গে জবিউল্লাহ মুজাহিদ বলেন, পেন্টাগন যে দাবি করছে, চুক্তির প্রতি তালেবান সম্মান দেখাচ্ছে না তা একেবারেই মিথ্যা। তিনি আরও বলেন, ওই চুক্তির প্রতিটি ধারা-উপধারা মেনে চলতে তারা প্রতিশ্রুতিবদ্ধ এবং চুক্তির প্রতি পূর্ণ সম্মান দেখাচ্ছে তালেবান।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.