মার্কিন যুক্তরাষ্ট্রে করোনায় আরও ২ লাখ মানুষের প্রাণহানির শঙ্কা

মার্কিন যুক্তরাষ্ট্রে আগামী মে নাগাদ আরও ২ লাখ মানুষের প্রাণহানির আশঙ্কা করছেন গবেষকরা। ‘ইউনিভার্সিটি অব ওয়াশিংটন’-এর গবেষক দল নতুন এই ভয়াবহ পূর্বাভাস দিয়েছে।

মার্কিন যুক্তরাষ্ট্রে মহামারিতে এরই মধ্যে ৪ লাখ ৩০ হাজারের বেশি মানুষের মৃত্যু হয়েছে।
দেশটিতে বর্তমানে মহামারির যে পরিস্থিতি, তাতে যদি আমেরিকার সব মানুষ মহামারি প্রতিরোধের সব নিয়ম মেনে চলে তার পরও ১ লাখের বেশি মানুষের মৃত্যু হবে।
অর্থাৎ, যদি সবাই মাস্ক পরে, ভিড় এড়িয়ে চলে এবং শারীরিক দূরত্ব বজায় রাখে—তার পরও আগামী তিন মাসে অন্তত আরও ১ লাখ ৩০ হাজার মানুষ কোভিডে আক্রান্ত হয়ে মারা যাবে বলে পূর্বাভাস দিয়েছে ‘দ্য ইনস্টিটিউট ফর হেলথ ম্যাট্রিক্স অ্যান্ড এভাল্যুয়েশন’।
এদিকে, করোনা ভাইরাসের অতি-সংক্রামক এবং ‘সম্ভবত অধিক প্রাণঘাতী’ ধরনটিও পৌঁছে গেছে যুক্তরাষ্ট্রে। ভাইরাস বিশেষজ্ঞরা আগেই অবশ্য করোনা ভাইরাসের রূপ বদল নিয়ে সতর্ক করেছিলেন।

মার্কিন যুক্তরাষ্ট্রে বর্তমানে ভাইরাসের নতুন আরও দুটি ধরন ছড়িয়েছে।
যুক্তরাষ্ট্রের ‘ন্যাশনাল ইনস্টিটিউট অব অ্যালার্জি অ্যান্ড ইনফেকশাস ডিজিজেস’-এর পরিচালক ডা. অ্যান্থনি ফাউচি বলেন, ‘এই ভাইরাস নির্দিষ্টভাবে বিকশিত এবং পরিবর্তিত হতে থাকবে।’
যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় এবং রাজ্য সরকার থেকে সব জনগণকে দ্রুত টিকার আওতায় আনার চেষ্টা করা হচ্ছে।
কিন্তু সব আমেরিকানকে টিকার আওতায় আনতে আগামী গ্রীষ্ম পর্যন্ত অপেক্ষা করতে হবে।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.