ইরানের সঙ্গে চলমান উত্তেজনা কমানোর নজির হিসেবে পারস্য উপসাগর থেকে বিমানবাহী রণতরী ফিরিয়ে নিয়ে গেছে মার্কিন যুক্তরাষ্ট্র।
সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সময় ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের বিরোধ বেশ বৃদ্ধি পেলেও নতুন প্রেসিডেন্ট জো বাইডেনকে এক্ষেত্রে কিছুটা নমনীয় হতে দেখা যাচ্ছে।
মঙ্গলবার পেন্টাগনের মুখপাত্র জন কিরবি বলেন, ইউএসএস নিমিতজ রণতরী স্ট্রাইক গ্রুপ মার্কিন সামরিক কেন্দ্রীয় কমান্ড থেকে ইন্দো-প্যাসিফিক কমান্ড অঞ্চলে সরিয়ে নেয়া হয়েছে।
রণতরীটি পারস্য উপসাগরে নয় মাস ধরে অবস্থান করছিল। তবে এটি এখন মার্কিন যুক্তরাষ্ট্রেই ফিরিয়ে নেয়া হচ্ছে কিনা তা নিশ্চিত করেননি কিরবি।
তিনি জানান, ট্রাম্প প্রশাসন উপসাগরীয় অঞ্চলে মার্কিন সামরিক উপস্থিতি বাড়ানোর পর সেখানে নিরাপত্তার জন্য রণতরী রাখার প্রয়োজনীয়তা দেখছে না বাইডেন প্রশাসন।