দলের সঙ্গে চট্টগ্রাম থেকে ঢাকা ফিরে হোটেলে ওঠেননি সাকিব আল হাসান।
তখন থেকেই আলোচনার শুরু, বাঁহাতি অলরাউন্ডার কি তাহলে ঢাকা টেস্টে পাওয়া যাবে না? যদি দলের পরিকল্পনায় থাকতেন তাহলে জৈব সুরক্ষা বলয় ভেঙে বাসায় যেতে পারতেন না।
দুপুর গড়িয়ে বিকেল হওয়ার সঙ্গে সঙ্গে এলো দুঃসংবাদ।
বাংলাদেশ ক্রিকেট বোর্ড নিশ্চিত করেছে, ১১ ফেব্রুয়ারি থেকে শুরু হতে যাওয়া টেস্টে সাকিবকে পাবে না বাংলাদেশ।
বাঁ পায়ের ঊরুতে চোট পাওয়া অলরাউন্ডারকে নিয়ে ঝুঁকি নিতে চায় না দল।
স্বাভাবিক হাঁটা-চলা করলেও ম্যাচ খেলার মতো ফিটনেস নেই সাকিবের।
এজন্য তাকে ছাড়া পরিকল্পনা সাজাচ্ছে বাংলাদেশ।
চট্টগ্রাম টেস্টের দ্বিতীয় দিনে সাকিবের বাঁ পায়ের ঊরুতে টান পড়ে।
নিজের বোলিংয়ে ফিল্ডিং করতে গিয়ে চোট পান বাঁহাতি স্পিনার।
এরপর বোলিং চালিয়ে গেলেও মোটেও ফিট ছিলেন না।
তার আগে দারুণ ব্যাটিংয়ে ৬৮ রান করেছিলেন তিনি।
উইন্ডিজের ইনিংসের ষষ্ঠ ওভার শেষ করে মাঠ থেকে উঠে যান।
এর আগে ৬ ওভারে দেন ১৬ রান।