তুষার ঝড়ের পর বৈরি আবহাওয়ার কারণে মার্কিন যুক্তরাষ্ট্রের টেক্সাসের একটি মহাসড়কে একসঙ্গে ৭৫ থেকে ১০০টি গাড়ির মধ্যে ভয়াবহ সংঘর্ষের ঘটনা ঘটেছে।
এতে অন্তত ৫ জন নিহত ও অনেক মানুষ আহত হয়েছেন।
পুলিশ জানিয়েছে, তুষার ঝড়ের কারণে দেশটির বিভিন্ন অঞ্চলে জমাট বাধা বৃষ্টি হচ্ছে ও বরফ পড়ছে।
স্থানীয় সময় বৃহস্পতিবার টেক্সাসের ফোর্টওর্থ এলাকার ইন্টারস্টেট-৩৫ নামের ওই মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে বলে আন্তর্জাতিক গণমাধ্যমের প্রতিবেদন থেকে জানা যায়।
ফোর্টওর্থ পুলিশের টুইটারে ওই দুর্ঘটনার দৃশ্য শেয়ার করা হয়। তাতে দেখা যায়, প্রথমে দুই-একটি গাড়ি উল্টে যায়, যার মধ্যে ফেডএক্সের দুটি লরিও ছিল।
এরপর পেছন থেকে একের পর এক গাড়ি দুমড়ে মুচড়ে পড়তে থাকে।
এছাড়া রাস্তার পাশে বহু গাড়ি উল্টে থাকতে দেখা যায়।