এ যাবৎকালে সর্বনিম্ন জনপ্রিয়তা নিয়ে হোয়াইট হাউস ছেড়েছেন মেলানিয়া ট্রাম্প।
তার সময়টা যে একেবারেই ভালো যাচ্ছে না তা সবারই জানা।
কোণঠাসা অবস্থার মধ্যে নতুন করে মেলানিয়ার সঙ্গে ট্রাম্পের সম্পর্ক নিয়ে নতুন জল্পনা-কল্পনা তৈরি হলো।
নতুন খবর, ট্রাম্পের সঙ্গে বিবাহবিচ্ছেদ এখন কেবল সময়ের অপেক্ষা।
যদিও মেলানিয়া নিজে থেকে কিছুই বলেননি, তবুও পারিপার্শ্বিক পরিস্থিতি দেখে তেমনটাই মনে করা হচ্ছে।
২০ জানুয়ারি হোয়াইট হাউস ছেড়েছেন ডোনাল্ড ট্রাম্প।
তারপর থেকেই জনসমক্ষে সেভাবে দেখা যায়নি মেলানিয়াকে।
তিনি এই মুহূর্তে ট্রাম্পের সঙ্গে আছেন কিনা তা নিয়ে রহস্য রয়েছে।
সম্প্রতি একটি সুপার বোল পার্টিতে ট্রাম্পকে দেখা গেলেও তার সঙ্গে ছিলেন না স্ত্রী মেলানিয়া।
অনেকে অবশ্য এমনও বলছেন, আসলে মেলানিয়া এখন লোকসমক্ষে আসতে চাইছেন না পরিস্থিতির দিকে তাকিয়েই।
কিন্তু সম্প্রতি যেভাবে তিনি তার সব সোশ্যাল মিডিয়া পোস্ট মুছে দিয়েছেন, তা থেকে নতুন করে গুজব শুরু হয়েছে।
মেলানিয়ার অফিসিয়াল ইনস্টাগ্রাম পেজে এখন একটিই পোস্ট অবশিষ্ট রয়েছে।
সেটি হলো হোয়াইট হাউস ছাড়ার পরে দেওয়া বিদায়বার্তার পোস্টটি।
সব মিলিয়ে নতুন করে জল্পনা তৈরি হয়েছে, সম্পর্কের ফাটলের কারণেই নিজেকে ক্রমশ গুটিয়ে নিচ্ছেন মেলানিয়া।