আন্তর্জাতিক ফ্লাইটের চাহিদা কমে যাওয়া ও মুদ্রা লেনদেন জটিলতায় ভেনেজুয়েলায় কোনো ফ্লাইট ছাড়বে না জার্মান বিমান কোম্পানি লুফথানসা। আগামী ১৮ জুন থেকে দেশটিতে সাময়িকভাবে ফ্লাইট বন্ধ রাখবে কোম্পানিটি।
এক বিবৃতিতে লুফথানসা জানায়, ভেনেজুয়েলার মুদ্রা বলিভারকে ডলারে রূপান্তর এবং এই অর্থ বাইরে পাঠানো এয়ারলাইন খাতের জন্য অসম্ভব হয়ে যাচ্ছে। তাছাড়া দেশটিতে গত বছর ও এ বছরের প্রথম প্রান্তিকে আন্তর্জাতিক ফ্লাইটের চাহিদা অনেক কমেছে।
প্রসঙ্গত, গত দেড় বছরে আন্তর্জাতিক বাজারে তেলের দর রেকর্ড পরিমাণ কমে যায়। এতে করে ভেনেজুয়েলার অর্থনীতি এখন পঙ্গু হয়ে গেছে। কারণ তেলই ছিল তাদের রাজস্ব আয়ের অন্যতম মাধ্যম। বিশ্বের মধ্যে এখন দেশটির মুদ্রাস্ফীতির হার সবচেয়ে বেশি।
তবে কোম্পানিটির পক্ষ থেকে বলা হয়েছে, তারা কারাকাস থেকে অফিস সরাবে না। আন্তর্জাতিক ফ্লাইটের চাহিদা বাড়া সাপেক্ষে শিগগির এই নিষেধাজ্ঞা তুলে নেওয়া হবে।
