কারওয়ানবাজারের বিমান প্রিন্টিং ও প্রেস সেন্টারে উচ্চতর প্রশিক্ষণপ্রাপ্ত জনবল আর জার্মানির হাইডেলবার্গ থেকে আনা অত্যাধুনিক সব যন্ত্রপাতি সংযোজন করে ঢেলে সাজানো হয়েছে।
সোমবার (১৫ ফেব্রুয়ারি) বিমান প্রেস চত্বরে আয়োজিত এক অনুষ্ঠানে প্রতিষ্ঠানটির আধুনিকায়ন কার্যক্রমের উদ্বোধন করেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মো. মাহবুব আলী।
অনুষ্ঠানে প্রতিমন্ত্রী বলেন, বিমান প্রেসে সম্প্রতি নতুন ও আধুনিক বিভিন্ন ধরণের প্রিন্টিং মেশিন সংযোজন করা হয়েছে। বিমান প্রেস উন্নত ও মানসম্মত প্রকাশনা ও মুদ্রণ সামগ্রী তৈরিতে সক্ষমতা অর্জন করার ফলে প্রকাশনার সাথে জড়িত সরকারি ও বেসরকারি সকল গ্রাহক সহজে ও সাশ্রয়ী মূল্যে এখানে সর্বোত্তম সেবা পাবেন। বিমান প্রেস তার সেবা দিয়ে সব গ্রাহকের সন্তুষ্টি অর্জনের মাধ্যমে তার বাণিজ্যিক কার্যক্রম আরও সামনে এগিয়ে নিয়ে যাবে বলেও প্রত্যাশা করেন তিনি।
জার্মানির হাইডেলবার্গ থেকে আনা প্রিন্টিং মেশিন, পোলার পেপার কাটিং মেশিন, প্লেট মেকিং মেশিন, ডাই কাটিং মেশিন সংযোজন করা হয়েছে সেখানে। আনা হয়েছে, গ্লু ম্যাট ও স্পট এই তিন ধরণের লেমিনেশন মেশিন, সঙ্গে ডিজিটাল ব্যানার, প্যানা ও পিভিসি প্রিন্টিং মেশিনও স্থাপন করা হয়েছে বিমান প্রেসে। এখন যে কোন গ্রাহক সরকার নির্ধারিত সাশ্রয়ী মূল্যে এখান থেকে প্রয়োজন মতো বাণিজ্যিক সেবা গ্রহন করতে পারবেন।
বিমানে ব্যবস্থাপনা পরিচালক মো. মোকাব্বির হোসেন বলেন, সরকারি কেনাকাটার দায়িত্ব বেসরকারি প্রতিষ্ঠানের হাতে গেলেই বেড়ে যায় খরচ। এবার তাই টিকিট, লিফলেট আর দাফতরিক নথি, সবই বিমান ছাপাবে নিজের কারখানাতেই। এতে শুধু অর্থের অপচয় বন্ধ হবে তা নয়, বরং করোনাকালীন বিমানের আর্থিক ক্ষতিও কিছুটা কাটানো যাবে।
অনুষ্ঠানে বিমানের নেতিবাচক ইমেজ দূর করতে প্রতিষ্ঠানটির সম্পদের সর্বোচ্চ ব্যবহার নিশ্চিতে কৌশল নির্ধারণের তাগিদ দেয় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান মো. সাজ্জাদুল হাসান।
অনুষ্ঠানে অংশ নেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন সচিব মো. মোকাম্মেল হোসেন, বিমান পরিচালনা পর্ষদের সদস্য খন্দকার আতিক-ই-রাব্বানীসহ বিমানের উর্ধ্বতন কর্মকর্তারা।