মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন বাংলাদেশের সঙ্গে দেশটির সম্পর্ক আরো সুগভীর করার বিষয়ে আশাবাদ ব্যক্ত করেছেন।
যুক্তরাষ্ট্রে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত সহিদুল ইসলামের পরিচয়পত্র আনুষ্ঠানিকভাবে গ্রহণকালে জো বাইডেন এ আশাবাদ ব্যক্ত করেন।
আজ শনিবার ওয়াশিংটন ডিসির বাংলাদেশ দূতাবাস এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, মার্কিন প্রেসিডেন্ট জোসেফ আর. বাইডেন যুক্তরাষ্ট্রে নব-নিযুক্ত বাংলাদেশি রাষ্ট্রদূত মো. শহিদুল ইসলামের পরিচয়পত্র আনুষ্ঠানিকভাবে গ্রহণ করেছেন।
২০২১ সালের ১৭ ফেব্রুয়ারি স্বাক্ষরিত এক গ্রহণপত্রে প্রেসিডেন্ট বাইডেন যুক্তরাষ্ট্রে নব-নিযুক্ত বাংলাদেশি রাষ্ট্রদূতকে স্বাগত জানান।
বাইডেন যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের মধ্যকার বিদ্যমান শাক্তিশালী ও স্থায়ী বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরো গভীর করতে এবং দু’দেশের অভিন্ন লক্ষ্যগুলো আরো এগিয়ে নিতে তার সরকারের আগ্রহ ব্যক্ত করেন।