মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের ১.৯ ট্রিলিয়ন ডলারের করোনা তহবিলের অনুমোদন দিয়েছে কংগ্রেসের নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদ।
এ বিষয়ে স্থানীয় সময় শুক্রবার ভোট অনুষ্ঠিত হয়েছে।
প্রেসিডেন্ট হিসেবে ক্ষমতা গ্রহণের এক সপ্তাহ আগেই বিশাল অঙ্কের এই প্রণোদনা প্যাকেজের পরিকল্পনা জানিয়েছিলেন বাইডেন।
স্থানীয় সময় শনিবার সকালে ভোটের ফলাফল অনুযায়ী, এই বিলের পক্ষে ভোট পড়েছে ২১৯টি এবং বিপক্ষে ভোট দিয়েছেন ২১২ জন।
বেশিরভাগ ডেমোক্র্যাট এই বিলের পক্ষে থাকলেও দুই ডেমোক্র্যাট সদস্য এই বিলের বিপক্ষে ভোট দিয়েছেন।
তারা এই বিলকে বড় ধরনের ব্যয় বলে মনে করছেন।
এই বিলটি এখন সিনেটে পাঠানো হবে। সেখানে ডেমোক্র্যাট এবং রিপাবলিকান সদস্যের সংখ্যা প্রায় সমান।
সিনেটে অনুমোদন পেলে আর কোনো বাধা থাকছে না।
এই প্রণোদনা প্যাকেজটির মাধ্যমে যুক্তরাষ্ট্রের পরিবারগুলোর জন্য এক ট্রিলিয়ন ডলার বরাদ্দ থাকবে। এর আওতায় প্রত্যেক মার্কিনিকে এক হাজার ৪শ ডলার করে সহায়তা দেয়া হবে।