বাংলাদেশ বিমান বাহিনী শীতকালীন মহড়ার উল্লেখযোগ্য অংশ হিসেবে তিন দিনব্যাপী একটি বিশেষ এয়ার অপারেশন অনুশীলন করেছে।
বুধবার (৩ মার্চ) এই মহড়ায় বাংলাদেশকে গ্রীন ল্যান্ড ও রেড ল্যান্ড নামক দু’টি আলাদা রাষ্ট্রে ভাগ করা হয়। এই অনুশীলনে নোয়াখালী জেলার সুধারাম এয়ারফিল্ড রেড ল্যান্ডের গুরুত্বপূর্ণ ফরোয়ার্ড এয়ার বেজ হিসেবে ব্যবহৃত হয়।
বাংলাদেশ বিমান বাহিনীর এই বিশেষ এয়ার অপারেশনে তিনটি এমআই-১৭ হেলিকপ্টারের মাধ্যমে বাংলাদেশ সেনাবাহিনীর ১৫ জন প্যারা কমান্ডো এবং বাংলাদেশ বিমান বাহিনীর ৩০ জন গ্রাউন্ড কম্বাট্যান্ট সুধারাম এয়ারফিল্ডে অবতরণ করে উক্ত এয়ারফিল্ড দখল করার মাধ্যমে গ্রীন ল্যান্ড এর বিজয় নিশ্চিত করেন।
বাংলাদেশ বিমান বাহিনীর বার্ষিক শীতকালীন মহড়া “উইনটেক্স-২০২১” এর মাধ্যমে বিমান বাহিনীর বৈমানিকগণ আকাশ যুদ্ধের বিভিন্ন প্রকার রণকৌশলসহ যুদ্ধ বিমানের মাধ্যমে আক্রমণ, ইন্টারসেপশন, আকাশ থেকে শত্রু কবলিত স্থান পর্যবেক্ষণ, রশদ সরবরাহ, সৈন্য ও যুদ্ধাস্ত্র স্থানান্তর, স্পেশাল অপারেশন, অনুসন্ধান ও উদ্ধার মিশনসহ সকল ধরনের কলাকৌশল অনুশীলন করেন।
মহড়াটি পরিদর্শন করেন, সহকারী বিমান বাহিনী প্রধান (অপারেশন) এয়ার ভাইস মার্শাল আবুল বাশার এর বিমান বাহিনী ঘাঁটি জহুরুল হক, এয়ার অধিনায়ক এয়ার ভাইস মার্শাল এ এস এম ফখরুল ইসলাম, বিমান বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা। এছাড়াও সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান এ কে এম সামছুদ্দিন জেহান, উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারহান জাহান উপমা সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।