বাইডেন জুলাইয়ের আগেই আমেরিকাকে করোনামুক্ত করতে চান

করোনাভাইরাসের টিকা দেওয়া হলে আগামী ৪ জুলাই আমেরিকার মানুষ ছোট আকারে মিলিত হবার সুযোগ তৈরি হওয়ার একটি ‘ভালো সম্ভাবনা’ আছে বলে প্রাইমটাইম ভাষণে বলেন আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেন ।

প্রেসিডেন্ট হিসেবে নিজের প্রথম প্রাইমটাইম ভাষণে তিনি এমন মন্তব্য করেন। বাইডেন এমন দিনে ভাষণ দিলেন এক বছর আগে এই দিনেই কোভিড-১৯-কে মহামারী হিসেবে চিহ্নিত করা হয়েছিল।

বাইডেন সব রাজ্যকেই আগামী ১ মে’র মধ্যে তাদের প্রাপ্তবয়স্ক সক্ষম সব নাগরিককে টিকা দেওয়ার ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন।

“আমরা যদি ৪ জুলাইয়ের মধ্যে এটা একসাথে করতে পারি, তাহলে আপনার নিজের, পরিবারের ও বন্ধুদের স্বাধীনতা দিবস উদযাপনে মিলিত হওয়ার ভালো সুযোগ আছে,” বলেন বাইডেন।

তিনি বলেন, তার দেশ শুধু স্বাধীনতা দিবস উদযাপনেই নয় বরং ‘করোনাভাইরাস থেকেই স্বাধীনতা অর্জনের’ জন্য সক্ষম হবে। দেশব্যাপী টিকাদান কার্যক্রম সম্প্রসারণে তিনি যে পরিকল্পনা নিয়েছেন, তাতে টিকাদান কেন্দ্র ও টিকা দেওয়ার জন্য জনবলও বাড়ানো হবে। এছাড়া কিছু ভ্রাম্যমাণ টিম গিয়ে পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে টিকা প্রদান করবেন।

এর আগে বাইডেন তার শপথ গ্রহণের একশ’ দিনের মধ্যে দশ কোটি মানুষকে টিকা দেওয়ার কথা বলেছিলেন। তবে এবার তার ভাষণে তিনি বলেছেন, সেই টার্গেট ৬০ দিনেই অর্জিত হয়েছে।

তিনি স্বাস্থ্যবিধি মানা বিশেষ করে সামাজিক দূরত্ব বজায় রাখা, হাত ধোয়া ও মাস্ক পরতে জনগণের প্রতি আহ্বান জানিয়েছেন। “ভাইরাসকে পরাজিত করে স্বাভাবিক জীবনে ফেরা জাতীয় ঐক্যের ওপর নির্ভর করছে,” যোগ করেন তিনি।

সূত্র: বিবিসি বাংলা

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.