তুরস্ক সর্বাধুনিক জঙ্গি বিমান এসইউ-৫৭ কিনতে চায়

রাশিয়ার তৈরি সর্বাধুনিক জঙ্গিবিমান এসইউ-৩৫ এবং এসইউ-৫৭ স্টিলথ বিক্রির বিষয়ে তুরস্কের সঙ্গে আলোচনা করতে প্রস্তুত রয়েছে মস্কো।

শুক্রবার (১২ মার্চ) রাশিয়ার ফেডারেল সার্ভিস ফর মিলিটারি অ্যান্ড টেকনিক্যাল কো-অপারেশনের মুখপাত্র ভ্যালেরিয়া রেশেতনিকোভা এ কথা বলেছেন। রুশ বার্তা সংস্থা তাস এ তথ্য প্রকাশ করেছে।

রেশেতনিকোভা জানান, তুরস্ক এ ব্যাপারে তার দেশকে অনুরোধ জানিয়েছে। এরপর দুই ধরনের বিমানের প্রযুক্তিগত খুঁটিনাটি বিষয়ে তুরস্ককে জানানো হয়েছে। এখন আঙ্কারার পক্ষ থেকে যদি আনুষ্ঠানিক অনুরোধ জানানো হয় তাহলে তাদেরকে এই বিমান সরবরাহ করার ব্যাপারে আলোচনা করতে মস্কো পুরোপুরি প্রস্তুত রয়েছে।

এর আগে তুরস্ক রাশিয়ার কাছ থেকে এস-ফোর হান্ড্রেড ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষাব্যবস্থা কিনেছে যার কারণে যুক্তরাষ্ট্রসহ ন্যাটোভুক্ত অন্য দেশগুলো তুরস্কের বিরুদ্ধে ক্ষিপ্ত।

যুক্তরাষ্ট্র এবং ন্যাটো জোটের অন্যান্য সদস্য দেশ বলছে, রাশিয়ার সামরিক সরঞ্জাম তাদের সঙ্গে মানানসই নয়। সে ক্ষেত্রে ন্যাটোর সদস্য দেশ হিসেবে তুরস্ক রাশিয়া থেকে সামরিক অস্ত্র কিনতে পারে না।

যুক্তরাষ্ট্র তুরস্কের প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র ব্যবস্থা এবং এফ-৩৫ জঙ্গিবিমান বিক্রি করতে সময়ক্ষেপণ করার কারণে তুরস্ক রাশিয়ার কাছ থেকে এস-ফোর হান্ড্রেড ক্ষেপণাস্ত্র ব্যবস্থা কিনেছে। এখন দেশটি রাশিয়ার কাছ থেকে এসইউ-৩৭ এবং এসইউ-৫৭ জঙ্গিবিমান কিনতে চায়।

সূত্র: পার্সটুডে

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.