দেশে অবস্থানরত যুক্তরাষ্ট্রের নাগরিকদের জন্য ১০ দিনের নিরাপত্তা সতর্কতা

ঢাকাস্থ যুক্তরাষ্ট্রের দূতাবাস বাংলাদেশে অবস্থানরত যুক্তরাষ্ট্রের নাগরিকদের জন্য নিরাপত্তা সতর্কতা জারি করেছে। ১৭ মার্চ থেকে ২৭ মার্চ পর্যন্ত ১০ দিন এ নিরাপত্তা সতর্কতা জারি থাকবে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্র দূতাবাসের অফিসিয়াল ওয়েবসাইট।

মঙ্গলবার (১৬ মার্চ) যুক্তরাষ্ট্র দূতাবাসের অফিসিয়াল ওয়েবসাইট থেকে ‘বাংলাদেশের স্বাধীনতা দিবস উদযাপন নিরাপত্তা সতর্কতা’ শীর্ষক এক বার্তায় বলা হয়, বাংলাদেশের স্বাধীনতার ৫০ বছর পূর্তি উদযাপন উপলক্ষে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) দশ দিনের জন্য নাগরিকদের উদ্দেশে বিভিন্ন নির্দেশনা দিয়েছে।

সে নির্দেশনা অনুযায়ী যুক্তরাষ্ট্রের নাগরিকদের এই সময়ের মধ্যে বাড়তি সতর্কতা অনুশীলন করতে উৎসাহিত করা হচ্ছে। আপনার আশপাশ সম্পর্কে সচেতন থাকুন, ব্যক্তিগত নিরাপত্তার পরিকল্পনাটি পর্যালোচনা করুন, হালনাগাদ পেতে স্থানীয় মিডিয়া পর্যবেক্ষণ করুন এবং জরুরি পরিস্থিতির জন্য আপনার মোবাইল ফোনটি সচল রাখুন।

এতে বলা হয়, এই দশ দিন ডিএমপি নির্দিষ্ট স্থানসমূহে রাস্তাঘাট বন্ধ করে দেয়া সহ আরো বাড়তি নিরাপত্তামূলক ব্যবস্থা গ্রহণ করতে পারে।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.