নতুন সাতটি আন্তর্জাতিক গন্তব্যে ফ্লাইট চালু করছে বিমান

লিজ নিয়ে আকাশপথের দিগন্ত প্রশস্ত এবং শিডিউল সচল রাখার দিন শেষ হচ্ছে। নিজস্ব এয়ারক্রাফট দিয়ে স্বয়ংসম্পূর্ণ হতে চলেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। অতীতের মতো হজ মৌসুমে লিজে উড়োজাহাজ এনে আর হজযাত্রী পরিবহন করতে হবে না।
গত কয়েক মাসে চারটি সর্বাধুনিক প্রযুক্তির নতুন ড্যাশ-৮ উড়োজাহাজ কানাডার প্রখ্যাত উড়োজাহাজ নির্মাতা প্রতিষ্ঠান ডি হ্যাভিল্যান্ড বোম্বার্ডিয়ার অ্যারোস্পেস থেকে কিনে এনে যুক্ত করা হয়েছে বিমান বহরে।

চার বছর আগে বিমানের সংখ্যা ছিল ১৪টি। সাতটি বেড়ে এখন দাঁড়িয়েছে ২১টিতে। ইতিমধ্যে স্মার্ট অ্যাভিয়েশন থেকে লিজে আনা একটি ড্যাশ-৮ উড়োজাহাজ ফেরত না দিয়ে ক্রয় করেছে বিমান কর্তৃপক্ষ।
কারণ ঐ উড়োজাহাজটি ফেরতকালে বিপুল অঙ্কের ভাড়ার বিল আসে, যা দিয়ে উড়োজাহাজটিই কিনে ফেলা যায়।
ফলে ফেরত না দিয়ে সেটি ক্রয় করে নেয় বাংলাদেশ বিমান।
এখন লিজের বিমান সংখ্যা দাঁড়িয়েছে মাত্র তিনটিতে।
একের পর এক নিজস্ব উড়োজাহাজ সংযোজনের মধ্য দিয়ে বহর শক্তিশালী করার পাশাপাশি বিমান তার রুট ও নেটওয়ার্ক সম্প্রসারণের উদ্যোগ গ্রহণ করেছে।
বিমান বাংলাদেশ এয়ারলাইনস ঢাকা থেকে বিশ্বের ১৮টি রুটে ফ্লাইট পরিচালনা করে থাকে। আরও সাতটি নতুন আন্তর্জাতিক গন্তব্যে বিমানের ডানা উড়বে সহসাই।
বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মো. মাহবুব আলী জানান, বিমান বাংলাদেশ এয়ারলাইনস বহর শক্তিশালী হওয়ায় নতুন সাতটি আন্তর্জাতিক গন্তব্যে ফ্লাইট চালু করা হবে।
এর মধ্যে টরেন্টো, নিউ ইয়র্ক, টোকিও, গুয়াংজু, মালে, কলম্বো ও চেন্নাইয়ে ফ্লাইট চালু প্রক্রিয়াধীন রয়েছে। তিনি বলেন, বিমানের বহর এখন আধুনিক ও তারুণ্যদীপ্ত। প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঐকান্তিক আগ্রহ ও চেষ্টায় বাংলাদেশের বিমানবহরে যুক্ত হয়েছে বিশ্বের সর্বাধুনিক প্রযুক্তির নতুন ১২টি বোয়িংসহ ১৫টি উড়োজাহাজ।
এখন নতুন রুট বাড়াতে হবে।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.