পুলিশের গুলিতে যুক্তরাষ্ট্রে এবার স্কুলশিক্ষার্থী নিহত

সোমবার স্থানীয় সময় বিকাল সোয়া ৩টার দিকে যুক্তরাষ্ট্রের টেনেসিতে নক্সভিলের পূর্ব দিকের অস্টিন-ইস্ট ম্যাগনেট হাই স্কুলে পুলিশের গুলিতে এক শিক্ষার্থী নিহত হয়েছে বলে জানিয়েছে দেশটির গণমাধ্যমগুলো।

পুলিশ জানিয়েছে, তারা অস্টিন-ইস্টে গোলাগুলির থবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায়। ওই শিক্ষার্থীই প্রথম ক্যাম্পাসের একটি স্নানকক্ষ থেকে গুলি ছুড়ে এক কর্মকর্তাকে আহত করে। পরে পুলিশের পাল্টা গুলিতে শিক্ষার্থীর মৃত্যু হয়। গোলাগুলি শেষে স্নানকক্ষে সন্দেহভাজন বন্দুকধারীর মৃতদেহ মেলে।

কর্মকর্তারা জানিয়েছেন, পায়ের উপরের অংশে গুলিবিদ্ধ পুলিশ সদস্যের অস্ত্রোপচার লেগেছে। আহত পুলিশ সদস্য হাসপাতালে চিকিৎসাধীন বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। তিনি শিগগিরই ‘আশঙ্কামুক্ত অবস্থায় পৌঁছাবেন’ বলেও আশা করা হচ্ছে।

“তার জ্ঞান আছে, মনোবলও ভালো। তিনি শিগগিরই ঠিক হয়ে যাবেন। শিক্ষার্থী ও স্কুলের কর্মকর্তা-কর্মচারীদের রক্ষায় তিনি জীবনের যে ঝুঁকি নিয়েছেন, সেজন্য আমি তাকে ধন্যবাদ জানাচ্ছি,” সিবিএস নিউজকে বলেছেন নক্সভিলের মেয়র ইনডি কিনকেনন।

“ঘটনাস্থলেই সন্দেহভাজন বন্দুকধারীকে মৃত ঘোষণা করা হয়, পরে সে যে অস্টিন-ইস্টের শিক্ষার্থী তা জানা যায়,” সোমবার স্থানীয় সময় সন্ধ্যায় এক সংবাদ সম্মেলনে এমনটাই বলেছেন টেনেসির তদন্ত ব্যুরোর পরিচালক ডেভিড রস।

এ ঘটনার আগের দিনই যুক্তরাষ্ট্রের মিনিয়াপোলিসে পুলিশের গুলিতে ডন্টি রাইট নামে এক কৃষ্ণাঙ্গের মৃত্যু হয়েছে। গত কয়েক সপ্তাহে দেশটিতে বেশ কয়েকটি ‘ম্যাস শুটিংয়ের’ ঘটনায়ও অন্তত ২৩ জন নিহত হয়েছে।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.