ভিয়েনায় ‘পরমাণু আলোচনা’ থেকে বেরিয়ে যাওয়ার হুমকি ইরানের

ইরান ভিয়েনা বৈঠকে পাশ্চাত্যের দেশগুলো যদি সময়ক্ষেপণ করে বা অন্য কোনো বিষয়কে এই আলোচনার অন্তর্ভুক্ত করতে চায় তাহলে সংলাপ থেকে বেরিয়ে আসার হুমকি দিয়েছে।

ইরানের গণমাধ্যম পার্সটুডে জানায়, রোববার (২৫ এপ্রিল) তেহরানে ইরানের সংসদের জাতীয় নিরাপত্তা ও পররাষ্ট্রনীতিবিষয়ক কমিশনের বৈঠকে অংশগ্রহণ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ইরানের উপপররাষ্ট্রমন্ত্রী সাইয়্যেদ আব্বাস আরাকচি এ সতর্কবাণী উচ্চারণ করেন।

অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় চলতি মাসের গোড়ার দিকে পাশ্চাত্যের সঙ্গে পরমাণু সমঝোতা পুনরুজ্জীবনের যে আলোচনা শুরু হয়েছে তাতে ইরানের প্রধান আলোচক হিসেবে দায়িত্ব পালন করছেন আরাকচি।

তিনি বলেন, “এই মুহূর্তে সংলাপের জন্য সুনির্দিষ্ট কোনো সময়সীমা নির্ধারণ করা সম্ভব নয়। তবে আমরা আলোচনাকে দীর্ঘায়িত করার সুযোগ দেব না।”

আরাকচি আরো বলেন, ইরানের অবস্থান স্পষ্ট। সব নিষেধাজ্ঞা একবারে প্রত্যাহার করতে হবে, ইরান তা পরীক্ষা করে দেখবে এবং এরপরই কেবল তেহরান পরমাণু সমঝোতায় নিজের দেয়া প্রতিশ্রুতিতে পুরোপুরি ফিরে যাবে।

সম্প্রতি ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লা খামেনী এক ভাষণে পাশ্চাত্যের সঙ্গে আলোচনাকে দীর্ঘায়িত না করার জন্য ইরানি আলোচক দলের প্রতি নির্দেশ দিয়েছেন।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.