আগামী কয়েক সপ্তাহের মধ্যেই বিশ্বের বিভিন্ন দেশকে অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকা উৎদ্ভাবিত ৬ কোটি ডোজ করোনা ভ্যাকসিন দেবে। সোমবার হোয়াইট হাউস এ কথা জানিয়েছে বলে এক প্রতিবেদনে উল্লেখ করেছে বার্তা সংস্থা রয়টার্স।
ভ্যাকসিনগুলো যুক্তরাষ্ট্রের হাতে আসা মাত্রই অন্যান্য কয়েকটি দেশে পাঠিয়ে দেয়া হবে বলে জানান হোয়াইট হাউস প্রেস সেক্রেটারি জেন সাকি।
তিনি বলেন, আগামী কয়েক সপ্তাহে রফতানির জন্য এক কোটি ডোজ যুক্তরাষ্ট্রের হাতে আসার কথা রয়েছে।
আরও ৫ কোটি ডোজ উৎপাদনের কাজ চলছে যা মে এবং জুন মাসের মধ্যে পাওয়া যাবে।
সাকি আরও বলেন, ‘এই মুহূর্তে আমাদের কাছে অ্যাস্ট্রাজেনেকার একটি ডোজও নেই।’
তবে ভ্যাকসিনগুলো কী প্রক্রিয়ায় কাদের কাছে পাঠানো হবে সে বিষয়ে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত নিতে পারেনি বাইডেন প্রশাসন।
হোয়াইট হাউস প্রেস সেক্রেটারি বলেন, আমাদের মিত্র এবং অবশ্যই সরাসরি সম্পর্ক রয়েছে এমন দেশগুলোর ভেতর থেকে আমরা বেছে নেব।