সমুদ্রে অচল বোটে ভাসমান ৩০ রোহিঙ্গা উদ্ধার

আজ সকালে বাংলাদেশ কোস্ট গার্ড স্টেশান বাহারছড়া কর্তৃক বড় ডেইলপাড়া ঘাট এলাকায় সমুদ্রে অচল বোটে ভাসমান অবস্থায় ৩০ জন রোহিঙ্গা নাগরিককে উদ্ধার করে। এর মধ্যে ২০ জন মহিলা, ৫ জন পুরুষ, ৫ জন শিশু।

মঙ্গলবার দুপুরে বাংলাদেশ কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লে. কমান্ডার আমিরুল হক এ তথ্য জানান।

লে. কমান্ডার আমিরুল হক জানান, উদ্ধারকৃত রোহিঙ্গারা গত ২৩ এপ্রিল বাহারছড়া মেরিন ড্রাইভ এলাকার বড়ডেল ঘাট থেকে একটি নৌকায় করে মালয়েশিয়া যাওয়ার উদ্দেশ্যে রওনা হয়। অতঃপর গত ২৫ এপ্রিল রাতে সমুদ্রে অবস্থানকালীন সময় তারা ডাকাতদের করলে পড়ে, এসময় ডাকাতদল তাদের মুল্যবান জিনিসপত্র নিয়ে যায় এবং নৌকার ইঞ্জিনটি বিকল করে দেয়।

এরপর নৌকাটি নিয়ন্ত্রণহীনভাবে সমুদ্রে ভাসতে থাকে। উক্ত খবরের ভিত্তিতে বাংলাদেশ কোস্ট গার্ড স্টেশান বাহারছড়ার উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে যায় এবং রোহিঙ্গাদের অক্ষত অবস্থায় উদ্ধার করতে সক্ষম হয়।

তিনি বলেন, উদ্ধারকৃত রোহিঙ্গারা জানান দালালের মাধ্যমে তারা মালয়েশিয়া যাওয়ার জন্য রওনা হয়েছিল। তবে প্রকৃত দালালের নাম তারা কেউ বলতে পারেনি। উদ্ধারকৃত রোহিঙ্গাদের বিষয়ে আরআরআরসি এর সাথে সমন্বয়ের মাধ্যমে পরবর্তী কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

বাংলাদেশ কোস্ট গার্ড এর এখতিয়ারভুক্ত এলাকাসমূহে আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ, ডাকাতি দমন ও জননিরাপত্তা নিশ্চিতের পাশাপাশি উপকূলীয় অঞ্চলের উদ্ধার অভিযানে বাংলাদেশ কোস্ট গার্ড এর নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে এবং ভবিষ্যতেও থাকবে বলে জানান লে. কমান্ডার আমিরুল হক।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.