গৃহযুদ্ধের ঝুঁকির হুঁশিয়ারি দিয়ে খোলা চিঠিতে সই করা ফ্রান্সের অন্তত ১৮ সেনাকে সামরিক শাস্তির মুখোমুখি হতে হচ্ছে।
ব্রিটিশ দৈনিক গার্ডিয়ানের খবরে বলা হয়, এসব সেনারা খোলা চিঠিতে ইসলামি মতবাদের বিপদ নিয়ে সতর্ক ও বর্ণবাদবিরোধী লড়াইয়েরও ডাক দেন। ডানপন্থী সাময়িকী ভ্যালুয়ারস অ্যাকচুয়েলসে এই খোলা চিঠি প্রকাশ করা হয়েছে। এ নিয়ে ফরাসি সরকার ও দেশটির উগ্র-ডানপন্থীদের মধ্যে তীব্র বিতর্ক চলছে।
সেনাবাহিনীর চার কর্মকর্তাসহ অন্তত আঠারো সেনা এই খোলা চিঠিতে সই করেন। এছাড়া বেশ কয়েকজন অবসরপ্রাপ্ত সেনাকর্মকর্তাও রয়েছেন।
এই খোলা চিঠিতে বলা হয়, ঔপনিবেশিক আমলে বিখ্যাত ফরাসি ব্যক্তিত্বদের ভাস্কর্য ভেঙে ফেলতে সমর্থন জানিয়ে কমিউনিটির মধ্যে ঘৃণা ছড়াচ্ছে বর্ণবাদবিরোধী গোষ্ঠীগুলো। সরকারের শিথিল নীতি বিশৃঙ্খলা সৃষ্টি করবে। কাজেই সভ্যতার মূল্যবোধ রক্ষার বিপজ্জনক মিশনে আমাদের কমরেডদেরও হস্তক্ষেপ করা প্রয়োজন।
দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র হার্ভি গ্রান্ডজিন বলেন, এভাবে প্রকাশ্যে সরকারের সমালোচনা কিংবা দেশের ভেতরে অস্ত্র হাতে তুলে নেওয়ার আহ্বান সামরিক নীতির পরিষ্কার লঙ্ঘন।
ফ্রান্সের সশস্ত্র বাহিনীর প্রধান জেনারেল ফ্রান্সকোইস রিকোয়েন্টর বলেন, খোলা চিঠিতে সই করা প্রতিটি সেনাকে একজন জ্যেষ্ঠ সামরিক কাউন্সিলের মুখোমুখি হতে হবে। তাদের তাৎক্ষণিক অবসরেও পাঠানো হতে পারে।