ফ্রান্সে প্রশাসনিক ও দাফতরিক কাজ ভাষা জটিলতার কারণে বেশ কঠিন হয়ে পড়ে সেখানকার প্রবাসী বাংলাদেশিদের জন্য। তাই অনেক বাংলাদেশি প্রতিষ্ঠান প্রবাসীদের সহযোগিতার জন্য গড়ে উঠেছে। যেখানে বিনামূল্যে দেওয়া হয় সে দেশে বসবাসের জন্য প্রয়োজনীয় বিভিন্ন সেবা।
শুরুতে বিভিন্ন সামাজিক যোগযোগ মাধ্যমে পেজ ও গ্রুপের খুলে প্রবাসী বাংলাদেশিদের সহায়তা করা হলেও এখন প্রাতিষ্ঠানিকভাবে এই সেবা দেওয়া হচ্ছে।
এমনই একটি প্রতিষ্ঠান এফবিএসজি। প্রতিষ্ঠানটির কর্ণধার বলেন, ফ্রি সেবাটা এ কারণেই যে, প্রথম যখন দেশ থেকে কেউ ফ্রান্সে আসে তখন তার আর্থিক অবস্থা একটু দুর্বল থাকে। এ সময় যদি তাদের একটু সহায়তা করা হয় তবে তারা সহজেই পরিস্থিতির পরিবর্তন করতে পারে।
অধিকাংশ প্রতিষ্ঠানই বিনামূল্যে এসব সেবা দিয়ে যাচ্ছে। সেবা গ্রহীতারা বলছে, প্রশাসনিক নানা জটিলতায় তারা শরণাপন্ন হন এসব প্রতিষ্ঠানের। আর খুব সহজেই বিনামূল্যে সেবা পেয়ে খুশি সেবা গ্রহীতারা।
এফবিএসজি’তে সেবা নিতে যাওয়া এক প্রবাসী বলেন, ফ্রান্সে জীবন যাপনের জন্য জরুরি সেবাগুলোই এখানে পাওয়া যাচ্ছে। অপর এক বাঙালি এই উদ্যোগের প্রশংসা করে বলেন, এত সুন্দর তাদের সেবা আমি খুব খুশি হয়েছি।
সাপ্তাহিক ছুটির দিনগুলোতে ভিড় থাকে এসব প্রতিষ্ঠানে। বিনামূল্যে সেবাদানকারী এমন প্রতিষ্ঠানের সংখ্যার আরও বাড়লে ভাষা শিক্ষার পাশাপাশি অন্যান্য সেবা পাওয়াও সহজ হবে বলে মনে করছেন প্রবাসীরা।