এক সন্তানসম্ভবা নারীর অ্যাস্ট্রাজেনেকার টিকা নেওয়ার পর মৃত্যুকে কেন্দ্র করে টিকার ব্যবহার স্থগিত করেছে ব্রাজিল সরকার। খবর রয়টার্সের।
আশঙ্কা করা হচ্ছে রিও ডি জেনরিওতে ওই নারী টিকার পার্শ্বপ্রতিক্রিয়ায় স্ট্রোক করে মারা গেছেন বলে। এ ঘটনা তদন্ত করছে ব্রাজিলিয়ান কর্তৃপক্ষ।
মঙ্গলবার (১১ মে) থেকে দেশটির স্বাস্থ্য নিয়ন্ত্রক কর্তৃপক্ষ আনভিসার পরামর্শের ভিত্তিতে অ্যাস্ট্রাজেনেকার টিকা ব্যবহার স্থগিত করা হয়েছে। তবে দেশটিতে সিনোভ্যাক ও ফাইজারের টিকা চালু রয়েছে।
জানা গেছে, ২৩ সপ্তাহের সন্তানসম্ভবা ছিলেন ৩৫ বছর বয়সী ওই নারী। অ্যাস্ট্রাজেনেকার টিকা নেয়ার পর তিনি অসুস্থ হয়ে পড়েন। টানা পাঁচ দিন হাসপাতালে চিকিৎসাধীন থাকার পর গত সোমবার মারা যান ওই নারী।
অ্যাস্ট্রাজেনেকা কর্তৃপক্ষের দাবি, তাদের ক্লিনিক্যাল ট্রায়ালে সন্তানসম্ভবা ও স্তন্যদানকারী নারীরা আওতাভুক্ত নয়। অন্যদিকে আনভিসার দাবি, টিকা গ্রহণের সময় তারা আমাদের এমন কিছু জানায়নি।
আনভিসা এক বিবৃতিতে জানান, ওই নারীর হেমোরেজিক স্ট্রোকের সঙ্গে টিকা ব্যবহারের সঙ্গে সম্পর্ক রয়েছে বলে ধারণা করা হচ্ছে।