জার্মান এয়ারলাইন্স লুফথানসা তেল আবিবে ফ্লাইট পরিচালনা স্থগিত করেছে।
শুক্রবার (১৪ মে) থেকে এ সিদ্ধান্ত কার্যকর হবে বলে আল জাজিরার খবরে বলা হয়েছে।
এক বিবৃতিতে এয়ারলাইন্সটির পক্ষ থেকে দেওয়া বলা হয়, ইসরায়েলের বর্তমান পরিস্থিতি খুব কাছ থেকে পর্যবেক্ষণ করছে লুফথান্সা। এক্ষেত্রে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ, নিরাপত্তাকর্মী ও নিজেদের স্টাফদের সঙ্গে যোগাযোগ অব্যাহত রয়েছে। তারা ১৫ মে থেকে আবারও ফ্লাইট পরিচালনা করতে পারেন।
ফিলিস্তিনে হামলা অব্যাহত রেখেছে ইসরায়েল। ঈদুল ফিতরের দিনেও ইসরায়েলি বোমারু বিমানগুলো গাজা উপত্যকায় মুহুর্মুহু বোমা হামলা অব্যাহত রেখেছে।
গত সোমবার (১০ মে) থেকে গাজায় ইসরায়েলের বোমা হামলায় এ পর্যন্ত ৮৭ জন ফিলিস্তিনি নিহত হয়েছে। নিহতদের মধ্যে ১৮ শিশু ও ৮ নারী রয়েছে। এ ছাড়া আহত হয়েছেন কমপক্ষে ৫৩০ জন। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে জানিয়েছে আল-জাজিরা।