হামাসের সঙ্গে পরোক্ষভাবে আলোচনা করেছেন অ্যাঞ্জেলা মার্কেল

জার্মান চ্যান্সেলর অ্যাঞ্জেলা মার্কেল মধ্যপ্রাচ্যের উত্তেজনা নিরসনে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসের সঙ্গে পরোক্ষভাবে আলোচনা করেছেন।

বৃহস্পতিবার ফরাসি বার্তা সংস্থা এএফপি এ তথ্য জানায়।

খবরে বলা হয়, জার্মানির রাজধানী বার্লিনে ইউরোপীয় এক ফোরামে অ্যাঞ্জেলা মার্কেল বলেন, হামাসের সঙ্গে অবশ্যই আমাদের পরোক্ষ আলোচনা চলছে। হামাস এ যুদ্ধে জড়িত, তাই হামাসের সঙ্গে আলোচনা ছাড়া তাদের (ইসরাইল-ফিলিস্তিন) যুদ্ধবিরতি সম্ভব নয়।

চলমান রক্তক্ষয়ী সংঘাত বন্ধ করে অবরুদ্ধ গাজায় দুই-একদিনের মধ্যেই যুদ্ধবিরতিতে পৌঁছানো সম্ভব হবে বলে আশা প্রকাশ করেছেন হামাসের এক ঊর্ধ্বতন কর্মকর্তা।

এদিকে চলমান রক্তক্ষয়ী সংঘাত বন্ধে ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর ওপর চাপ বাড়িয়ে যুদ্ধবিরতি চেয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন।

বুধবার হোয়াইট হাউজের এক বিবৃতিতে বলা হয়েছে, ইসরাইল-ফিলিস্তিন সংঘাতে সহিংসতার মাত্রা উল্লেখযোগ্য পরিমাণ কমে যাওয়া দেখতে চান প্রেসিডেন্ট।

সিএনএন জানায়, ইসরাইল-ফিলিস্তিন সংঘাতের শুরু থেকে বুধবার নিয়ে এ পর্যন্ত মোট চারবার নেতানিয়াহুর সঙ্গে ফোনে কথা বলেছেন বাইডেন। এদিন বাইডেনের কথার সুরে বোঝা গেছে, তিনি নেতানিয়াহুকে নিয়ে ধৈর্য্য হারাচ্ছেন।

জাতিসংঘ, ইউরোপীয় ইউনিয়ন ও ওআইসিসহ বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা এবং বিশ্ব নেতাদের যুদ্ধবিরতির আহ্বান কানে তুলছে না ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.