হামাসের ব্যাপক হামলার মুখে যুদ্ধবিরতিতে সম্মতি নেতানিয়াহুর

ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ফিলিস্তিনের ভূখণ্ড থেকে হামাসের ব্যাপক হামলার মুখে যুদ্ধবিরতিতে সম্মতি দিয়েছেন।

বৃহস্পতিবার মন্ত্রিসভার জরুরি বৈঠকের পর ইসরাইলি সরকার এমন সিদ্ধান্ত নিয়েছে।

এক টুইট বার্তায় গাজায় বিবিসির প্রতিনিধি রুশদি আবুয়ালউফ লিখেছেন, যুদ্ধবিরতি আলোচনার সঙ্গে জড়িত সূত্র বিবিসিকে বলেছেন, ইসরাইল যুদ্ধবিরতি নিয়ে নিজেদের অবস্থান মিসরকে জানিয়েছে। এই যুদ্ধবিরতি নিয়ে আলোচনায় সক্রিয় ভূমিকা পালন করছে মিসর।

ইসরাইলি প্রধানমন্ত্রীর সিনিয়র উপদেষ্টা মার্ক রিগেভ জানিয়েছেন, নির্দিষ্ট শর্তেই যুদ্ধবিরতি চুক্তি হতে পারে। সে শর্তে তেল আবিব ও জেরুজালেমে হামাসের হামলা বন্ধ করতে হবে। গাজা থেকে রকেট হামলার কারণে সেখানকার বেসামরিক নাগরিকরা আতঙ্কের মধ্যে রয়েছেন।

বৃহস্পতিবার গাজায় যুদ্ধবিরতি কার্যকরে বিশ্বের বিভিন্ন দেশ ও সংস্থার কূটনৈতিক প্রচেষ্টা জোরদার হয়েছে। ফিলিস্তিনি এই ভূখণ্ডে মানবিক সঙ্কট চরম আকার ধারণ করায় বিশ্বের পরাশক্তিগুলো উভয়পক্ষকে যুদ্ধে বিরতি দেওয়ার আহ্বান জানিয়েছে। তবে গাজার ক্ষমতাসীন শাসকগোষ্ঠী হামাসের সঙ্গে ইসরাইলের লড়াই এখনও অব্যাহত আছে।

চলমান সংঘাতে গাজায় এখন পর্যন্ত ২৩০ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। এর মধ্যে ৬৪ শিশু এবং ৩৮ নারী আছেন। অপরদিকে হামাসের হামলায় ১৩ জন ইসরাইলি নিহত হয়েছেন।

জাতিসংঘের প্রধান অ্যান্তনিও গুতেরেস ফিলিস্তিনিদের জন্য মানবিক সহায়তার আহ্বান জানিয়েছেন।

আন্তর্জাতিক সংগঠন সেভ দ্য চিলড্রেনের মতে, গাজার ৫০টি স্কুল ধ্বংস করেছে ইসরাইলি বাহিনী। এতে প্রায় ৪২ হাজার শিক্ষার্থীর স্কুলজীবন হুমকির মুখে পড়েছে।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.