এয়ার ফ্রান্স ও অস্ট্রিয়ান এয়ারলাইনসের মস্কোগামী ফ্লাইট বাতিল

শুক্রবার (২৮ মে) ফ্রান্সের রাজধানী প্যারিস থেকে মস্কোগামী আরেকটি ফ্লাইট বাতিল করেছে এয়ার ফ্রান্স।

এয়ার ফ্রান্স ও অস্ট্রিয়ান এয়ারলাইনসের পাঠানো ফ্লাইটগুলোর যাত্রাপথ সংক্রান্ত পরিকল্পনা রাশিয়া প্রত্যাখ্যান করায় তাদের সেসব ফ্লাইট বাতিল করতে হয়েছে।

রাশিয়া এর আগে বেলারুশের আকাশসীমা এড়িয়ে মস্কো যাওয়ার চেষ্টা করা ইউরোপের দুটি এয়ারলাইনসের অন্তত ছয়টি ফ্লাইটের প্রবেশের অনুমতি দেয়নি।-খবর এএফপি ও বিবিসির

শুক্রবার (২৮ মে) এয়ার ফ্রান্স জানিয়েছে, বেলারুশের আকাশসীমা এড়িয়ে যাওয়ার ঘটনায় এএফ১১৫৪ ফ্লাইট বাতিল করা হয়েছে। কারণ রাশিয়ার আকাশে ফ্লাইট প্রবেশের আগে দেশটির কর্তৃপক্ষের অনুমোদন নিতে হবে।

কয়েকদিন আগে বেলারুশের সরকার লিথুনিয়ার পথে থাকা রায়ানএয়ারের একটি যাত্রীবাহী বিমানের গতিপথ ঘুরিয়ে জোর করে মিনস্কে নামানোর পর এর প্রতিবাদে বেশ কয়েকটি এয়ারলাইনস বেলারুশের আকাশসীমা এড়িয়ে চলার সিদ্ধান্ত নেয়।

বেলারুশের কর্তৃপক্ষ ওই বিমানে থাকা ভিন্নমতাবলম্বী এক সাংবাদিক ও তার বান্ধবীকে গ্রেপ্তার করেছে। এরপর বেলারুশের আকাশসীমা এড়িয়ে চলতে এয়ারলাইনসগুলোকে আহ্বান জানিয়েছে ইউরোপীয় ইউনিয়ন।

বেলারুশকে এড়িয়ে গেলে ইউরোপীয় এয়ারলাইনসকে রাশিয়া পরিকল্পিতভাবে প্রত্যাখ্যান করে কিনা, তা পর্যবেক্ষণ করা হচ্ছে বলে জানিয়েছেন ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্রনীতি প্রধান জোসেফ বোরেল।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.