মার্কিন এয়ারলাইন্স গ্রাহকের প্রায় ১৩শ’ কোটি ডলার ফেরত দিল

বিভিন্ন দেশে করোনা মহামারির শুরুতে লকডাউন ও আন্তর্জাতিক যোগাযোগ সীমিত হওয়ায় টানা কয়েকমাস বন্ধ থাকে যাত্রীবাহী বিমান চলাচল।

লকডাউনে ফ্লাইট বাতিল করতে বাধ্য হয় এয়ারলাইন্সগুলো। ঝামেলা বাঁধে টিকিট কেটে রাখা যাত্রীদের অর্থ ফেরত দেয়া নিয়ে।

যুক্তরাষ্ট্রের এয়ারলাইন্সগুলো ২০২০ সালে টিকিট কেটে রাখা ভুক্তভোগী গ্রাহকদের ১ হাজার ২শ’ ৮৪ কোটি ডলার ফেরত দিয়েছে।

এয়ারলাইন্সগুলো টিকিটের অর্থ ফেরত দেয়া নিয়ে গ্রাহক ও আইনজীবীদের পক্ষ থেকে তোপের মুখে পড়ে। এরই প্রেক্ষিতে সম্প্রতি একটি বিবৃতিতে মার্কিন বিমান সংস্থাগুলোর জোট এয়ারলাইন্স ফর আমেরিকা (এফোরএ) এ অর্থ পরিশোধের কথা জানায়।

এ মাসের শুরুতে সিনেটর অ্যাডওয়ার্ড মার্কি ও রিচার্ড ব্লুমেনথাল এয়ারলাইন্সগুলোকে বাতিল হওয়া ফ্লাইটের টিকিটের অর্থ ফেরত দেয়ার আহ্বান জানান।

এফোরএ’র প্রধান নির্বাহী নিকোলাস ক্যালিও জানান, অনেক এয়ারলাইন্স গ্রাহকদের নগদ ফেরত দেয়ার পরিবর্তে ভবিষ্যত ভ্রমণের জন্য ভাউচার নিতে উৎসাহিত করেছিল। যেটা নেতিবাচক মনোভাব নিয়ে করা হয়নি, লোকসান এড়াতেই এমনটা করা হয়েছিল।

নিয়মিত টিকিটের অর্থ ফেরত দিয়ে এয়ারলাইন্সগুলো ফেডারেল আইন ও বিধি অনুযায়ী গ্রাহকদের প্রতি প্রতিশ্রুতি রক্ষা করেছে। ফেরত দেয়া নগদ এ অর্থের পরিমাণ এয়ারলাইন্সগুলোর মোট আয়ের প্রায় ২০ শতাংশ ছিল।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.