দুই বছরের জন্য ফেসবুকে নিষিদ্ধ হওয়ায় তীব্র প্রতিক্রিয়া ট্রাম্পের

যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দুই বছরের জন্য ফেসবুকে নিষিদ্ধ করার ঘোষণায় কড়া প্রতিবাদ জানিয়েছেন।

শুক্রবার (৪ জুন) রাতে ফেসবুক কর্তৃপক্ষ জানায়, ওই সময় পর্যন্ত ট্রাম্প ফেসবুকে কোনো পোস্ট শেয়ার দিতে পারবেন না।

আন্তর্জাতিক গণমাধ্যম দ্যা গার্ডিয়ান জানায়, ট্রাম্প নিষিদ্ধ ঘোষণার কিছুক্ষণ পরেই এক বিবৃতিতে বলেন, ‘ফেসবুক কর্তৃপক্ষ এমন একটি সিদ্ধান্ত নিয়েছে যা সাড়ে ৭ কোটি মানুষকে অপমান করেছে। এসব মানুষ ২০২০ সালের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে আমাকে ভোট দিয়েছিল। ফেসবুক এসব মানুষের ওপর সেন্সরশিপ আরোপ ও বাক-স্বাধীনতা কেড়ে নিয়ে সুবিধা করতে পারবে না। জয় আমাদের হবেই।’

এ বছরের জানুয়ারিতে যুক্তরাষ্ট্রের ক্যাপিটল হিলে মার্কিন কংগ্রেস ভবনে সহিংসতায় উসকানিমূলক পোস্ট দেওয়ার অভিযোগে ট্রাম্পকে ফেসবুকে নিষিদ্ধ করা হয়।

গত মে মাসে তার শাস্তির বিষয়টি ফেসবুকের ওভারসাইট বোর্ডে পর্যালোচনা করা হয়। ওই বোর্ড ট্রাম্পের শাস্তি বহাল রাখে। ভবিষ্যতে উসকানিমূলক পোস্ট দিলে ট্রাম্পের বিরুদ্ধে কী ধরনের শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে তার একটি গাইডলাইন দিয়েছে ফেসবুক কর্তৃপক্ষ।

গত ৭ জানুয়ারিতে নিয়ম লঙ্ঘনের অভিযোগে ট্রাম্পের ফেসবুক অ্যাকাউন্ট বন্ধ করা হয়েছিল। ওইদিন থেকে দুই বছরের জন্য ট্রাম্পের নিষেধাজ্ঞা কার্যকর হবে।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.