সম্প্রতি বিশ্বের গুরুত্বপূর্ণ ব্যক্তি তথা রাজনীতিবিদ, আইনজীবী, সাংবাদিকদের ফোনে আড়ি পাতার ঘটনা একের পর এক সামনে আসছে।
ইসরায়েলের তৈরি হ্যাকিং সফটওয়্যার পেগাসাস ব্যবহৃত হয় এই আড়ি পাতার কাজে এমন তথ্য দিয়েছে বিশ্বের ১৭টি আন্তর্জাতিক গণমাধ্যমের অনুসন্ধানকারী টিম।
পেগাসাসের মাধ্যমে নজরদারির অভিযোগ উঠেছে সাংবাদিক জামাল খাশোগির তথ্য সংগ্রহেও।
তবে সেই অভিযোগ ভিত্তিহীন বলছে সৌদি আরব। এএফপির খবরে জানা গেছে এ তথ্য।
সৌদি প্রেস এজেন্সি (এসপিএ) গত বুধবার জানায়, সৌদি আরবের একটি মহল সফটওয়্যার ব্যবহার করে বিভিন্ন জনের স্মার্টফোনে নজরদারি করেছে, সম্প্রতি বিভিন্ন সংবাদমাধ্যমে এমন অভিযোগ আনা হয়েছে।
এসব অভিযোগকে ভিত্তিহীন বলে খারিজ করে দিয়েছেন সৌদি সরকারের এক কর্মকর্তা। এমন অভিযোগের পেছনে কোনো সত্যতা নেই বলে সৌদি সরকারের ওই কর্মকর্তা জানান। তবে সৌদি সরকারের ওই কর্মকর্তার নাম, পরিচয় প্রকাশ করা হয়নি এতে।
