গ্রামীণফোনের কাছে শাওন-শিলার ৩ কোটি টাকা ক্ষতিপূরণ দাবি। অনুমতি ছাড়াই হুমায়ূন আহমেদের সৃষ্টির বাণিজ্যিক ব্যবহারের বিরুদ্ধে প্রতিবাদ করতে এক হলেন শাওন ও শিলা। তারা মেধাস্বত্ব আইন লঙ্ঘনের অভিযোগ এনে গ্রামীণফোনের কাছে ৩ কোটি টাকা ক্ষতিপূরণও দাবি করেছেন।
অনুমতি ছাড়াই কিংবদন্তি লেখক হুমায়ূন আহমেদের জনপ্রিয় চারটি চরিত্রকে বাণিজ্যিকভাবে ব্যবহার করে মেধাস্বত্ব আইন লঙ্ঘন করার অভিযোগে গ্রামীণফোনকে আইনি নোটিশ পাঠানো হয়েছে। সেখানেই ৩ কোটি টাকা ক্ষতিপূরণ দাবি করেছে লেখক পরিবার।
প্রয়াত এই লেখকের স্ত্রী মেহের আফরোজ শাওনসহ পরিবারের সদস্যদের পক্ষ থেকে সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার হামিদুল মিজবাহ এ নোটিশ পাঠিয়েছেন। নোটিশের বিষয়টি নিশ্চিত করেন আইনজীবী হামিদুল মিজবাহ।
প্রয়াত হুমায়ূন আহমেদের স্ত্রী মেহের আফরোজ শাওন, কন্যা নোভা আহমেদ, শীলা আহমেদ, বিপাশা আহমেদ, পুত্র নূহাশ হুমায়ূন ও ভাই জাফর ইকবালের পক্ষে এ নোটিশ পাঠানো হয়েছে।
তাদের আইনজীবী বলেন, ‘আজ ২৭ জুলাই, মঙ্গলবার রেজিস্ট্রি ডাকযোগে গ্রামীণফোনকে নোটিশ পাঠিয়েছি। এর আগে গত রোববার রাতেও ই-মেইল করেছিলাম।’
জানা গেছে, মোবাইল ফোন কোম্পানি গ্রামীণফোন ২০২০-এর জুলাই মাসে ‘কেমন আছেন তারা’ শীর্ষক কয়েক পর্বের একটি ধারাবাহিক প্রোমোশনাল অনুষ্ঠান প্রচার করে। অনুষ্ঠানটির টাইটেল ছিল ‘গ্রামীণফোন নিবেদিত কেমন আছেন তারা’।
