প্রাণঘাতী করোনার হাত থেকে সুরক্ষায় দরিদ্র দেশগুলোর যেসব লোক দুই ডোজ করে টিকা পেয়েছেন, তারা নিজেদের ভাগ্যবান ভাবতেই পারেন!
কারণ বিপুল জনগোষ্ঠীর মধ্যে তাদের সংখ্যা একেবারেই নগণ্য।
এ ধরনের দেশগুলোতে এক ডোজ টিকা পাওয়া মানুষের সংখ্যাও খুবই কম।
দরিদ্র বিশ্ব এভাবে যখন করোনা টিকার স্বাভাবিক দুই ডোজ পেতেই হিমশিম খাচ্ছে, তখন ধনী দেশগুলো বুস্টার হিসেবে তৃতীয় ডোজ দেয়ার পরিকল্পনা শুরু করেছে।
আওয়ার ওয়ার্ল্ড ইন ডেটার পরিসংখ্যান অনুসারে, এ পর্যন্ত আফ্রিকার মাত্র ১ দশমিক ৮ শতাংশ মানুষ দুই ডোজ করে করোনা টিকা পেয়েছেন।
বিপরীতে যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়নের মতো ধনী অঞ্চলে এর হার প্রায় ৫০ শতাংশ।
এছাড়া বিশ্বব্যাংকের সূচকে উচ্চআয়ের দেশগুলোতে প্রতি ১০০ জন মানুষ টিকা পেয়েছেন প্রায় ১০১ ডোজ করে।
চলতি সপ্তাহেই তারা ১০০ ডোজের মাইলফলক পার হয়েছে।
সেই তুলনায় তালিকার তলানিতে থাকা নিম্নআয়ের ২৯টি দেশে এখনো এর হার পড়ে রয়েছে ১ দশমিক ৭ শতাংশে।